ভিনিইজ : রাজধানীর পরিধি ও প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়িত পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ঢাকার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসা-এর আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বর্তমানে পূর্বাচল নতুন শহর প্রকল্পটি নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন অংশজুড়ে বিস্তৃত। ফলে বহুজেলা নির্ভর এই কাঠামোর কারণে আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা প্রদান এবং অবকাঠামো ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছিল। এ বাস্তবতায় প্রকল্প এলাকার অংশ বিশেষকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার অনুমোদনও দেওয়া হয়েছে, যা প্রশাসনিক সমন্বয় সহজ করবে।
নতুন সিদ্ধান্তের ফলে পূর্বাচল এলাকার বাসিন্দারা সরাসরি সিটি করপোরেশনের বিভিন্ন সেবা পাবেন-জন্ম ও মৃত্যুনিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ ও সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর আওতায় আসায় নিরাপত্তা জোরদার হবে এবং ঢাকা ওয়াসা-এর অধীনে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাও উন্নত হবে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে পূর্বাচল নতুন শহর প্রকল্পটি ঢাকার একটি পরিকল্পিত ও আধুনিক নগর সম্প্রসারণে রূপ নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে অবকাঠামো থাকলেও পূর্ণাঙ্গ নগর সুবিধার অভাব ছিল-এই সিদ্ধান্ত সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় চা দিবস ২১ মে পালনের সিদ্ধান্ত (আগে ছিল ৪ জুন), সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর শীর্ষ পদে নিয়োগে বয়সসীমা তুলে দেওয়া।




