জন্মদিনে নিভৃতে শাহরুখ, তবে অনুরাগীদের জন্য খোলা চিঠিতে লিখলেন মনের কথা

ভিনিউজ ডেস্ক : আজ ২ নভেম্বর ৬১ বছরে পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। প্রিয় তারকার জন্মদিন মানেই মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাড়ি ‘মন্নত’-এর সামনে অনুরাগীদের ঢল। রাত ১২টা বাজতেই মন্নতের বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখ। বছরের পর বছর ধরে এই দৃশ্য দেখতেই জন্মদিনের আগের রাত থেকে মন্নতের সামনে ভিড় জমান হাজার হাজার অনুরাগী।

কিন্তু এ বার সেই চেনা ছবির দেখা মিলল না। জন্মদিনের মধ্যরাতে মন্নতের বারান্দায় হাজির হলেন না বলিউডের বাদশা। তবে অনুরাগীদের নিরাশ করেননি তিনি। নিজে সামনে না এলেও ভক্তদের জন্য রেখে গেলেন হাতে লেখা এক বিশেষ বার্তা।

মন্নতের বাইরে একটি বিশাল পর্দায় দেখানো হয় শাহরুখের নিজের হাতে লেখা একটি বার্তা। সেখানে তিনি লিখেছেন, ‘আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার তরফ থেকেও আপনাদের প্রত্যেকের জন্য রইল ভালোবাসা।’ বার্তার শেষে ছিল তাঁর স্বাক্ষর। পাশাপাশি অনুরাগীদের উদ্দেশে লিখেছিলেন, অনেক ভালোবাসা এবং একরাশ আলিঙ্গন। প্রিয় তারকার কাছ থেকে এমন ব্যক্তিগত বার্তা পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ভক্তরা।

এ বার শাহরুখের জন্মদিনের উদ্‌যাপনে কিছুটা বদল এসেছে। আসলে বর্তমানে মন্নতে সংস্কারের কাজ চলছে। সেই কারণে আপাতত নিজের পরিচিত বাড়িতে থাকছেন না অভিনেতা। ফলে অন্যান্য বছরের মতো মন্নতের বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের অভিবাদন জানানোর সুযোগও হয়নি তাঁর। তবে বাড়ির বাইরে বিশেষ আয়োজনের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন তিনি।

এ দিনের উদ্‌যাপনে অবশ্য শুধু জন্মদিনের শুভেচ্ছাবার্তাই ছিল না, ছিল শাহরুখের আগামী ছবি ‘কিং’-এর ঝলকও। মন্নতের বাইরে বড় পর্দায় দেখানো হয় ছবির একাধিক দৃশ্য ও সংলাপ। সেখানে জায়গা পেয়েছিল ছবির দু’টি সংলাপ-‘কিং একেলা কাফি হ্যায়’ এবং ‘ডর নেহি, দেহশত হুঁ’। অর্থাৎ জন্মদিনের রাতেই নিজের আগামী ছবির প্রচারেও নতুন চমক দিলেন অভিনেতা।

পূর্বের খবরমন্ত্রিসভায় অনুমোদন : ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!