গোপালগঞ্জে কারফিউ শিথিল থাকলেও লোকজনের উপস্থিতি কম

 

ভিনিউজ : গোপালগঞ্জে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা কারফিউ শিথিল থাকলেও শহরে লোকজনের উপস্থিতি কম। যানবাহন চলাচলও তেমন নেই। কিছু দোকানপাট খোলা থাকলেও বেচাকেনার অবস্থা ভালো নয়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার এখানকার মার্কেট-ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটির দিন। এ কারণে স্বাভাবিক সময়েও এদিন শহরে লোকজনের উপস্থিতি কম থাকে। এর সঙ্গে যোগ হয়েছে বুধবারের (১৬ জুলাই) হামলা-সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ। রয়েছে গ্রেপ্তার আতঙ্ক।

সদরের হরিদাসপুর ইউনিয়নের ইজিবাইক চালক আরিফুল ইসলাম বলেন, রাস্তায় নামছি, কিন্তু যাত্রী নেই। এমনিতেই শনিবার লোক কম থাকে, তার ওপর একটা আতঙ্ক আছে মানুষের মনে।

তিনি জানান, সাধারণত দিনে ৭০০-৮০০ টাকা উপার্জন করেন তিনি। তবে গত তিন দিনে ২০০-৩০০ টাকার বেশি পাননি। অথচ ইজিবাইকের জমা বাবদই দিতে হয় ৪০০ টাকা।

শহরের ডিসি রোডের সবুজ-সজীব বেডিং স্টোর দুদিন পর আজ খুলেছে। দোকানের মালিক বাবুল হোসেন বলেন, আজ মার্কেট বন্ধ। কিন্তু কারফিউ না থাকায় আজ দোকান খুলেছি। কিন্তু বেচাকেনা নেই।

তিনি জানান, দিনে ৭-৮ হাজার টাকার বিক্রি হয়। তবে বুধবার সংঘর্ষের কারণে দোকান বন্ধ করতে হয়। এ নিয়ে তিনদিন দোকান বন্ধ থাকায় প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া তার দোকানে ৫-৬টি গুলি লেগেছে। এতে দোকানের সাটার ও কাপড়ে গুলি লেগে আরও ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, আমরা রাজনীতি করি না, পেট নীতি করি। দোকান খুললে পেট চলে। তাই যত তাড়াতাড়ি সব স্বাভাবিক হয়ে আসে, আমাদের জন্য ততই ভালো।

বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা-সংঘর্ষের পর রাত ৮টা থেকে গোপালগঞ্জে চলছে কারফিউ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই হামলা চালায়। এতে সেদিন গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে রমজান মুন্সি নামে আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। চলমান কারফিউ আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারফিউ জারি রাখা বা না রাখার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে কারফিউ শিথিল থাকলেও শহরে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পূর্বের খবরসোহরাওয়ার্দী উদ্যানে ভরপুর : সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ সাত দফা দাবীতে শুরু জামায়াতের জাতীয় সমাবেশ
পরবর্তি খবরবিবিসি রিপোর্ট : এপস্টেইন নিবন্ধ নিয়ে রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা