গুলশান সোসাইটির নতুন নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

রাজধানীর গুলশান এলাকার বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছে। শনিবার সন্ধ্যায় ঢাকার বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যরা শপথ নেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যরা তাঁদের দায়িত্ব পালনকালীন বিভিন্ন কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরেন। পরে তাঁদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গুলশান সোসাইটির টানা দুইবার নির্বাচিত সভাপতি ওমর সাদাত নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথ গ্রহণ শেষে আগামী দুই বছরের পরিকল্পনা তুলে ধরে ওমর সাদাত বলেন, গুলশানকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও আন্তর্জাতিক মানের বাসযোগ্য এলাকায় পরিণত করতে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। এ কার্যক্রমে গুলশানের পাশাপাশি বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটিও যুক্ত রয়েছে।

তিনি আরও জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় দখল সমস্যা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে আরও নান্দনিক ও বাসযোগ্য করে তোলাই নতুন কমিটির প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে স্থানীয় সরকার সচিব মো. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং গুলশান সোসাইটির মহাসচিব মুজিবুর রহমান মৃধাসহ বিভিন্ন ব্যক্তিত্ব বক্তব্য দেন।

এছাড়া সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমীন ও শিল্পী সাব্বির জামান।

পূর্বের খবরবিশ্ব মা দিবস আজ
পরবর্তি খবরতামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়