ভিনিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদ্রাসার অন্তত আটজন শিক্ষার্থীর মৃত্যুর খবর বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। তিনি বলছেন, “এখন পর্যন্ত বিভিন্ন বয়সী আট শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। এদের কেউ সাত, আট, এগার বা বারো বয়সী শিশু রয়েছে। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং ছয় জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”
ঘটনার সময় ওই মাদ্রাসায় ঠিক কতজন শিক্ষার্থী ছিল সেটি এখনো নিশ্চিত নয় উল্লেখ করে মিজ আক্তার বলেন, “সেখানে সকালে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী গিয়েছিলো। কিন্তু দুপুরে টিফিনের সময় বেশিরভাগই বাড়ি চলে গিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে আমাকে।”
ফায়ার সার্ভিস এখন উদ্ধার কার্যক্রম বন্ধ করেছে বলে জানান তিনি।
এদিকে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনায় মোট ১৩ জন শিশুকে উদ্ধার করা হয় যাদের মধ্যে আট জন শিশু মারা যায়। চার জন ঘটনাস্থলে ও চারজন হাসপাতালে নেওয়ার পর মারা যায় বলে জানায় তারা।বাকি পাঁচ জন শিশুকে হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলেও আরআরআরসি জানিয়েছে।




