আজ মধ্যরাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 

ভিনিউজ : চলতি বছরের হজ ফ্লাইট আজ শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে। এবারের প্রথম ফ্লাইটটি রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ প্রস্তুতি।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানিয়েছেন, আজ মোট ১৪টি ফ্লাইট যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, তিনটি সাউদিয়া ও তিনটি ফ্লাইনাস এয়ারলাইনস। তিনি জানান, ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী এ বছর হজ পালনে যাবেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন।
সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুসারে, মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করবে। বাকি ৫০ ভাগের মধ্যে সৌদি আরবের সাউদিয়া শতকরা ৩৫ ভাগ ও ফ্লাইনাস ১৫ ভাগ হজযাত্রী পরিবহন করবে।প্রি-হজ ফ্লাইট ২০৭টি যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সাউদিয়ার ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক। এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে সৌদি আরবে সব ধরনের সেবা পাবেন হজযাত্রীরা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্রত্যেক হজযাত্রী দেশেই এই কার্ড পাচ্ছেন। তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা সৌদি আরবে হোটেল লবিতে গিয়ে নুসুক কার্ড সংগ্রহ করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ১ জুলাই শেষ হবে।

পূর্বের খবরঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
পরবর্তি খবরগ্রীষ্মে বিদ্যুৎ চাহিদার রেকর্ড ঊর্ধ্বগতি, বাড়ছে লোডশেডিং