ভিনিউজ ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বিখ্যাত বাংলো ‘জলসা’ এবার আলোচনায় এসেছে সম্পত্তির মালিকানা নিয়ে পারিবারিক বিরোধের কারণে। অমিতাভ বচ্চনের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমোলা বচ্চন ১৯৯৩ সালের একটি দানপত্রকে চ্যালেঞ্জ করেছেন। তার অভিযোগ, ওই দানপত্রের মাধ্যমে ‘জলসা’র মালিকানা অমিতাভের স্ত্রী জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হলেও বিষয়টি তার অজ্ঞাতসারে এবং সম্মতি ছাড়াই করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সাত মাসে এ বিষয়ে একাধিক অভিযোগ করেছেন রমোলা। বিষয়টি এখন মুম্বাইয়ের আন্ধেরির কো-অপারেটিভ সোসাইটির ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে পৌঁছেছে এবং শুনানিও শুরু হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের বক্তব্য জমা দিতে বলা হয়েছে। তবে সম্পত্তিটির চূড়ান্ত মালিকানা বা বিতর্কিত দানপত্রের বৈধতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিতর্কের মূল জায়গা সম্পত্তির মালিকানা সংক্রান্ত নথিতে অসঙ্গতি। ‘কাপোল হাউজিং সোসাইটি’র নথিতে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র সরকারের ‘প্রপার্টি কার্ড’-এ এখনো রমোলা বচ্চনের নাম রয়েছে বলে দাবি করা হয়েছে। সরকারি নথি থেকে রমোলার নাম সরিয়ে জয়ার নাম বসানোর উদ্যোগের পরই বিষয়টি নতুন করে সামনে আসে।
রমোলার অভিযোগ, ১৯৯৩ সালে যে দানপত্রের মাধ্যমে মালিকানা পরিবর্তন করা হয়েছিল, সেটি তৈরির প্রক্রিয়াতেই প্রশ্ন রয়েছে। তার দাবি, দলিলটি সে সময় স্ট্যাম্প ডিউটি পরিশোধ না করেই সাধারণ কাগজে তৈরি করা হয়েছিল এবং এতে প্রয়োজনীয় সাক্ষীদের স্বাক্ষরও ছিল না। পরবর্তীকালে ওই দলিল কীভাবে নিবন্ধিত হলো এবং মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’র আওতায় কীভাবে সেটি নিয়মিত বা বৈধ করা হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আন্ধেরির ডেপুটি রেজিস্ট্রার ফৈয়াজ মুলানি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, এ নিয়ে শুনানি শুরু হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো কোনো পক্ষের দাবিকে চূড়ান্তভাবে গ্রহণ করেনি। ফলে ‘জলসা’র মালিকানা নিয়ে আইনি অবস্থান কী হবে, তা নির্ভর করছে পরবর্তী শুনানি ও নথিপত্র যাচাইয়ের ওপর।
‘জলসা’র ইতিহাসও বেশ পুরোনো। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮২ সালে ‘সত্তে পে সত্তা’ ছবিতে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে প্রযোজক এনসি সিপ্পির কাছ থেকে বাংলোটি পেয়েছিলেন অমিতাভ বচ্চন। পরবর্তীকালে বাড়িটির নাম ‘জলসা’ রাখা হয়। বর্তমানে এটি শুধু অমিতাভের বাসভবন নয়, মুম্বাইয়ের অন্যতম পরিচিত তারকাবাড়ি। প্রতি রোববার বাড়িটির বাইরে ভক্তদের ভিড় জমে, আর অমিতাভ দীর্ঘদিন ধরে সেখানে এসে অনুরাগীদের সঙ্গে দেখা করেন।
এই বিরোধ নিয়ে এখনো অমিতাভ বচ্চনের পক্ষ থেকে কোনো প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি। জয়া বচ্চনের কাছ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিষেক বচ্চনের মুখপাত্র বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে উল্লেখ করে মন্তব্য করতে চাননি। ফলে দীর্ঘদিনের পরিচিত এই তারকাবাড়ির মালিকানা নিয়ে ওঠা প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুনানি ও নথি যাচাইয়ের ওপর।




