মোদিকে প্রশ্ন করায় শাস্তি: হেলে লিং স্বেনসেনের ভারত সফরের ভিসা বাতিল, কে এই নরওয়ের সাংবাদিক

ভিনিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করে আলোচনায় আসা নরওয়ের সাংবাদিক হেলে লিং স্বেনসেনের ভারত সফর ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, বৈধ ভিসা ও রাজনৈতিক ছাড়পত্র থাকা সত্ত্বেও ভারতে আসার ঠিক ১০ মিনিট আগে তাঁকে জানানো হয়, তিনি দেশটিতে প্রবেশ করতে পারবেন না। কেন তাঁর সফর আটকে দেওয়া হলো, সে বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি বলেও দাবি করেছেন তিনি।

নরওয়ের রাজধানী অসলোভিত্তিক সংবাদপত্র ‘ডাগসাভিসেন’-এর সাংবাদিক ও ভাষ্যকার হেলে লিং স্বেনসেনের বয়স ২৯ বছর। তিনি আমস্টারডাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে রাজনৈতিক যোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেন। এর আগে নরওয়ের বিভিন্ন সংবাদমাধ্যমে স্বাধীন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতি তাঁর সাংবাদিকতার অন্যতম আগ্রহের বিষয়।
চলতি বছরের ১৮ মে নরওয়ে সফরে গিয়েছিলেন মোদী। অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোদীকে প্রশ্ন করেন হেলে। তার প্রশ্ন ছিল, বিশ্বের অন্যতম স্বাধীন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে মোদী কেন আগ্রহী নন? কিন্তু সেই প্রশ্নের উত্তর না দিয়েই মোদী সেখান থেকে চলে যান বলে অভিযোগ করেন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতারাতি পরিচিতি পান এই সাংবাদিক।

এবার হায়দরাবাদে কংগ্রেস পরিচালিত তেলঙ্গানা রাজ্য সরকারের আয়োজনে ‘ভারত সামিট’-এ যোগ দেওয়ার কথা ছিল তার। ১৩ ও ১৪ নভেম্বরের এই সম্মেলনে সংবাদমাধ্যমের ভবিষ্যৎ, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে একটি আলোচনায় বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। কিন্তু ১১ নভেম্বর বিমানবন্দরে যাওয়ার ঠিক আগে ভারতীয় দূতাবাস থেকে ফোন পেয়ে সফর বাতিল করতে হয় তাকে। পরে দূতাবাসের পক্ষ থেকে ইমেইলে তার ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানিয়েছেন হেলে।

হেলে মনে করছেন, মোদী সরকারের সমালোচনা, শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানিকে নিয়ে তাঁর বক্তব্য কিংবা ভারতে চলমান কিছু আন্দোলনের প্রতি সমর্থনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। তবে এগুলো তার অনুমান। ভারত সরকারের পক্ষ থেকে তার ভিসা বাতিলের নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নরওয়ের সাংবাদিক সংগঠনগুলো। অ্যাসোসিয়েশন অব নরওয়েজিয়ান এডিটরস এবং নরওয়েজিয়ান প্রেস অ্যাসোসিয়েশন যৌথভাবে অসলোয় ভারতীয় দূতাবাসে চিঠি পাঠিয়েছে। তাদের বক্তব্য, সাংবাদিকের প্রশ্ন বা প্রতিবেদন প্রকাশের কারণে তাকে ভারতে প্রবেশ করতে না দেওয়ার ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কোনো দেশে ভিসা দেওয়া বা বাতিল করা সেই দেশের সার্বভৌম সিদ্ধান্ত। অন্যদিকে কংগ্রেস নেতা শশী থারুর দাবি করেছেন, সম্মেলনে আমন্ত্রণ পাওয়া ৩১৫ জন বক্তার মধ্যে ১১৫ জনকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি অথবা তাদের ভিসা বাতিল করা হয়েছে। তবে এই সংখ্যা ও অভিযোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে।
I

মোদীকে করা একটি প্রশ্নের ছয় মাস পর হেলের ভারত সফর আটকে যাওয়ার ঘটনা এখন শুধু একজন সাংবাদিকের ভিসা জটিলতায় সীমাবদ্ধ নেই। এটি ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা, ভিন্নমতের প্রতি সরকারের মনোভাব এবং বিদেশি সাংবাদিকদের কাজের পরিবেশ নিয়ে নতুন আন্তর্জাতিক বিতর্কের জন্ম দিয়েছে।

পূর্বের খবরঅপারেশন সিঁদুরের পর প্রথমবারের ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী: কূটনৈতিক সম্পর্কে নতুন ইঙ্গিত
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!