অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন । এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধ চলাকালে তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা ‘কুমিল্লায় মানুষ মরে, পুলিশ গিয়ে মেডেল ধরে’, ‘খুনির কোনো ছাড় নাই, ফাঁসি ছাড়া নিস্তার নাই’, ‘আজকে অপ্রতিম, কালকে কার পালা’ এবং ‘বুকের রক্ত ভেসে গেল, প্রশাসন চুপ কেন’—এসব স্লোগান দেন।

পুলিশের পুরস্কার পাওয়ার প্রসঙ্গ টেনে শিক্ষার্থীরা ‘কুমিল্লায় মানুষ মরে, পুলিশ গিয়ে মেডেল ধরে’ স্লোগান দেন। তারা বলেন, একদিকে কুমিল্লায় হত্যাকাণ্ড ঘটছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাফল্যের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে। এ নিয়ে তাদের প্রশ্ন রয়েছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, আমরা আজ কেবল অপ্রতিমের জন্য এখানে আসিনি। এ চিত্র সারা বাংলাদেশের। কুমিল্লায়ও প্রতিনিয়তই এসব হচ্ছে। তারপরও নাকি পুলিশ সুপার অ্যাওয়ার্ড পেয়ে যায়। আমরা অপ্রতিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূইয়া বলেন, এটা সম্পূর্ণই পুলিশ প্রশাসনের ব্যর্থতা। পুলিশ বলে, “ক্লু পেয়েছি, ক্লু পেয়েছি”; কিন্তু কী ক্লু তারা পেয়েছে, সেটা আমরা আদৌ জানি না। এই ব্যর্থতার দায় তারা যতক্ষণ না পর্যন্ত মাথায় নেবে, আমরা ততক্ষণ রাস্তায় আছি।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল হক বলেন, ছাত্ররা কিছুক্ষণ আগে রাস্তা অবরোধ করেছে। তাদের সঙ্গে কথা বলার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই অপ্রতিমকে দাফন করা হয়।

উল্লেখ্য, শুক্রবার দুপুরের পর বাসা থেকে আইফোন নিয়ে বের হওয়ার পর অপ্রতিম নিখোঁজ হন। পরে শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে বিনোদন পার্ক ‘ম্যাজিক প্যারাডাইস’ সংলগ্ন দক্ষিণ সানন্দা এলাকার জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়।

পূর্বের খবরজার্মানির দুই রাজ্যে রোববারের ভোটে বড় পরীক্ষার মুখে ক্ষমতাসীনরা
পরবর্তি খবরইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!