ভিনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর আবারও অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, প্রণালিটি ব্যবহার করা অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে তাদের বহন করা পণ্যের মূল্যের ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে এবং যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি লেখেন, “হরমুজ প্রণালি খোলা আছে এবং ইরান থাকুক বা না থাকুক, এটি খোলাই থাকবে। আমরা ‘ইরানিয়ান ব্লকেড’ পুনর্বহাল করছি। এর অর্থ হলো, কেবল ইরানের জাহাজ বা ইরানি গ্রাহকদের বহনকারী জাহাজই এই অবরোধের আওতায় থাকবে। অন্য সব দেশ ন্যায্য ও অবাধভাবে প্রণালিটি ব্যবহার করতে পারবে।”
ট্রাম্প আরও বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে বিবেচনা করা হবে। এই দায়িত্ব পালনের ব্যয় মেটাতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ থেকে নিরাপত্তা ফি নেওয়া হবে।
তার ভাষায়, “এখন থেকে যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে পরিচিত হবে। তবে ন্যায্যতার স্বার্থে এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা ব্যয়ের ক্ষতিপূরণ হিসেবে প্রণালি দিয়ে পরিবাহিত সব পণ্যের মূল্যের ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে।”
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে এ পথ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
তবে ট্রাম্পের এই ঘোষণার পর তা কীভাবে বাস্তবায়ন করা হবে, আন্তর্জাতিক আইন অনুযায়ী এর বৈধতা কী এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন বা সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর অবস্থান কী-এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
-সিএনএন




