মিথিলার পর মাহির মাথায় মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট

মিথিলার পর মাহির মাথায় মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট

ভিনিউজ : ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মাথায়। শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে মঞ্চে ছিল টানটান উত্তেজনা। নাম ঘোষণা হতেই আবেগাপ্লুত হয়ে বুকের ওপর হাত রাখেন মাহি। এরপর গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। তাদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন, যার কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও।

অনুষ্ঠানে ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক। আরও ছিলেন, চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ একাধিক মডেল ও কোরিওগ্রাফার।

আয়োজকরা জানান, ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য ৭৫ তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।

ছোটপর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি তার সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাস তাকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছে। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেলেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন,“বাবা মা আমাকে বলেছে ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।”

২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে তানজিয়া জামান মিথিলা বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো প্লেসমেন্ট অর্জন। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনেন তিনি।

তানজিয়া জামান মিথিলার পর এবার ‘মিস ইউনিভার্স’ বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক মঞ্চে তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় এখন দেশের দর্শকরা।

-চ্যানেল আই

পূর্বের খবররাইমার জীবনে ‘প্রিন্স চার্মিং’ আসুক, জন্মদিনে শুভেচ্ছা ঋতুপর্ণার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!