ভিনিউজ ডেস্ক : যুক্তরাজ্যের স্থানীয় ও প্রাদেশিক নির্বাচনের সাম্প্রতিক ফলাফল দেশটির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইংল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচন এবং স্কটল্যান্ড ও ওয়েলসের প্রাদেশিক আইনসভার ভোটে ক্ষমতাসীন লেবার পার্টি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে অভিবাসনবিরোধী ও কট্টর দক্ষিণপন্থী রাজনীতির উত্থান স্পষ্ট হয়ে উঠেছে।
প্রাথমিক ফলাফল ও প্রবণতা অনুযায়ী, ইংল্যান্ডের বিভিন্ন সিটি, বরো ও ডিস্ট্রিক্ট মিলিয়ে অনুষ্ঠিত ১৩৬টি স্থানীয় কাউন্সিলের ৫,০৬৬টি আসনের মধ্যে লেবার পার্টি কয়েকশ আসন হারিয়েছে। বিপরীতে কনজারভেটিভ পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাটরা কিছুটা অবস্থান ধরে রাখলেও সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছে নতুন শক্তি হিসেবে উঠে আসা রিফর্ম ইউকে।
অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরিচিত দক্ষিণপন্থী রাজনীতিবিদ নিগেল ফারাগি এর নেতৃত্বাধীন রিফর্ম ইউকে এবার স্থানীয় নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দলটি শত শত আসনে জয় পেয়েছে এবং একাধিক এলাকায় বড় দলগুলোর ভোট ব্যাংক ভেঙে দিতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি ব্রিটিশ রাজনীতিতে এক ধরনের “থার্ড ফোর্স” হিসেবে তাদের প্রতিষ্ঠার ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার ষ্টারমার্ক র্নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “উগ্র দক্ষিণপন্থার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।” লেবার পার্টির জন্য এই ফলাফল একটি সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে এমন সময়ে যখন তারা জাতীয় পর্যায়ে সরকার পরিচালনা করছে।
২০২৪ সালের সাধারণ নির্বাচনের পর রিফর্ম ইউকে তখনো তুলনামূলকভাবে ছোট দল ছিল এবং পার্লামেন্টে মাত্র কয়েকটি আসন জিতেছিল। কিন্তু সাম্প্রতিক উপনির্বাচন এবং এখন স্থানীয় নির্বাচনে তাদের ধারাবাহিক অগ্রগতি ব্রিটিশ রাজনীতির প্রচলিত দুই প্রধান দল লেবার ও কনজারভেটিভ-এর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যু, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জাতীয় পরিচয় নিয়ে উদ্বেগ ভোটারদের একাংশকে মূলধারার দলগুলো থেকে দূরে সরিয়ে দিচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের কিছু অঞ্চলে রিফর্ম ইউকে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে, যেখানে ঐতিহ্যগতভাবে কনজারভেটিভ বা লেবার সমর্থন বেশি ছিল।
স্কটল্যান্ড ও ওয়েলসের প্রাদেশিক নির্বাচনের ফলাফল এখনো পুরোপুরি প্রকাশিত না হলেও প্রাথমিক ইঙ্গিত বলছে, লেবার পার্টি সেখানে প্রত্যাশার তুলনায় খারাপ অবস্থানে রয়েছে। এতে করে যুক্তরাজ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে।
সার্বিকভাবে এই নির্বাচনকে অনেকেই ব্রিটিশ রাজনীতিতে একটি “টার্নিং পয়েন্ট” হিসেবে দেখছেন। মূলত দুই দলের আধিপত্যে থাকা রাজনৈতিক ব্যবস্থায় নতুন শক্তির উত্থান ভবিষ্যতে আরও প্রতিযোগিতামূলক ও অনিশ্চিত রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।




