বিদ্যার ‘কান্থা’ রহস্যের আড়ালে দাপুটে এক চরিত্র

ভিনিউজ ডেস্ক : আগে থেকে ‘জেলার ২’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। এবার সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। প্রকাশ হয়েছে ছবিতে তাঁর অভিনীত চরিত্র ‘কান্থা’র প্রথম ঝলক। এই চরিত্রে একেবারে ভিন্ন রূপে পর্দায় আসছেন এই অভিনেত্রী।

প্রকাশ হওয়া ভিডিওতে নীল শাড়িতে সিঁড়ি বেয়ে ধীর পায়ে নামতে দেখা যায় বিদ্যাকে। শাড়ির আঁচল সামলানোর ভঙি আর মুখের অভিব্যক্তিতে ফুটে উঠেছে চরিত্রটির আত্মবিশ্বাস ও দাপট। হাতে জ্বলন্ত সিগারেট সেই উপস্থিতিতে যোগ করেছে রহস্যের আবহ। খুব বেশি কিছু না বলেও কয়েক সেকেন্ডের এই ঝলকে ‘কান্থা’কে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

চরিত্রটির পরিচয় আরও আকর্ষণীয় করে তুলেছে অনিরুদ্ধ রবিচন্দরের আবহসংগীত। টানটান সুরের সঙ্গে বিদ্যার প্রবেশ দৃশ্যটি তৈরি করেছে নাটকীয় এক পরিবেশ। তবে ‘কান্থা’ আসলে কে? গল্পের মূল চরিত্র টাইগার মুথুভেল পাণ্ডিয়ানের সঙ্গে তার সম্পর্কই বা কী? আর গল্পে তাঁর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? এসব প্রশ্নের উত্তর আপাতত গোপন রেখেছেন নির্মাতারা।

‘জেলার ২’-এ আবারও টাইগার মুথুভেল পাণ্ডিয়ানের চরিত্রে ফিরছেন রজনীকান্ত। নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটির প্রথম কিস্তিতে এই চরিত্রটি দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার দ্বিতীয় অধ্যায়ে পুরোনোদের পাশাপাশি যুক্ত হয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। রজনীকান্তের সঙ্গে রয়েছেন রম্য কৃষ্ণান, যোগী বাবুসহ প্রথম ছবির একাধিক অভিনেতা।

নতুন যোগ দিয়েছেন সুরজ ভেঞ্জারামুদু ও এস জে সুরিয়া। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে এবার দেখা যাবে বিদ্যা বালানকে। প্রথম ‘জেলার’-এর সাফল্যের পর স্বাভাবিকভাবে সিকুয়াল ঘিরে প্রত্যাশা অনেক। তার সঙ্গে নতুন নতুন চরিত্রের আগমন গল্প নিয়ে দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিচ্ছে।

 

পূর্বের খবরদূরপাল্লায় ২০ পয়সা/কিমি ও শহরে ১৮ পয়সা/কিমি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব
পরবর্তি খবরকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!