আমেরিকা এবং ইরানের সামরিক সংঘাত আরও জোরালো হতে শুরু করেছে। শনিবার নতুন করে আবার হামলা চালানোর অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে। তেহরানের দাবি, মার্কিন হামলায় হোমরোজ়গান প্রদেশে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।
হরমুজ়ের দক্ষিণ প্রান্ত দিয়ে যাওয়ার সময় তেলবাহী দু’টি ট্যাঙ্কার মাইন বিস্ফোরণের শিকার হয়। আর এর জন্য আমেরিকার দিকে আঙুল তুলেছে ইরান। তাদের দাবি, মার্কিন গোয়েন্দারা জাহাজগুলিকে ভুল নির্দেশ দেওয়ার ফলেই এই দুর্ঘটনা। যদিও মার্কিন বাহিনী জাহাজ বিস্ফোরণের ঘটনা স্বীকার করতে চায়নি। হামলার পরই জাহাজ দু’টিতে আগুন ধরে যায়। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা স্পষ্ট করেনি ইরান প্রশাসন।
এই ঘটনার পরই ইরান বাহিনী ঘোষণা করে, এক সপ্তাহের জন্য বন্ধ করা হচ্ছে হরমুজ়। পাশাপাশি তারা সতর্ক করে, হরমুজ়ে বেশির ভাগটাই অসুরক্ষিত। মাইন বিস্ফোরণের শিকার হতে পারে পণ্যবাহী জাহাজগুলি। তা ছাড়া আমেরিকা যদি হামলা বন্ধ না করে, তা হলে এই প্রণালী অবরুদ্ধ করে রাখারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে আমেরিকার বিরুদ্ধে ইরান যে অভিযোগ তুলেছে, সে বিষয়ে তারা কোনও প্রতিক্রিয়া দেয়নি। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আগামী দু’তিন দিনের মধ্যে যদি আমেরিকা হামলা বন্ধ না করে, তা হলে তারা পুরোদস্তুর যুদ্ধের পথে নামবে।




