সোনিয়া গাঁন্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’ প্রথম অধ্যায় : কেমব্রিজের রেস্তরাঁয় প্রথম রাজীবের চোখে চোখ, মুহূর্তে টের পেলাম ‘বিদ্যুতের ঝলকানি’

 

ভিনিউজ ডেস্ক : প্রকাশিত হয়েছে সনিয়া গাঁধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’। জীবন, পরিবার, কংগ্রেস, দেশের রাজনীতি নিয়ে রয়েছে বহু জানা-অজানা তথ্য। পাঠকদের জন্য অংশবিশেষের অনুবাদ। প্রথম পর্ব।

লম্বা সুদর্শন চেহারা আর গভীর কালো চোখ, বন্ধুদের সঙ্গে ভার্সিটি নামের যে গ্রিক রেস্তঁরায় মাঝেমাঝে যেতাম, সেখানে, উল্টো দিকের টেবিলে বসা দলের সকলের মধ্যে একেবারে আলাদা ছিল ও। ষাটের দশকের মাঝামাঝি সময়ে কেমব্রিজ শহরে ওটাই ছিল একমাত্র জায়গা, যেখানে ইটালীয় খাবারের মতো স্বাদ কিছুটা অন্তত পাওয়া যেত। তখন আমি সবে উনিশে পা দিয়েছি আর সপ্তাহ কয়েক আগে ইংল্যান্ডে পৌঁছেছি জ্যারেট স্কুল অফ ইংলিশে লেখাপড়া করব বলে। আমার কাছে সবই ছিল খুব অচেনা, ভাষা, লোকজন, আর তার চেয়েও বেশি সেখানকার খাবার। সে সময়ে যখন-তখন বাড়িতে আন্তর্জাতিক ফোন কল করা কঠিন ছিল, তবে মাকে নিয়মিত চিঠি লিখতাম, ইংরেজরা কতটা অদ্ভুত এবং অন্য রকম, ওখানে কত ঠান্ডা আর খাবারটাও কত খারাপ, সব জানাতাম।

ভালবাসার সফরে কোনও এক দিন।

আমি পেয়িং গেস্ট হিসেবে থাকতাম, বিশ্ববিদ্যালয় থেকে খানিকটা দূরে একটি বাড়িতে, স্থানীয় এক পরিবারের সঙ্গে। জায়গাটি আমার স্কুল থেকেই ঠিক করে দিয়েছিল। সাপ্তাহিক ঘরভাড়ার মধ্যেই ধরা ছিল সকাল আর রাতের খাবারের খরচ। আর তার সঙ্গে জোড়া ছিল রবিবারের ‘হাই টি’ বলে কিছু একটা। আমার ওই খাবারগুলো দেখলেই বিরক্ত লাগত, স্বাদ তো দূরের কথা। সাধারণ ব্রিটিশ খাবারদাবার খাওয়া সেকালে একজন ইটালীয়র কাছে একপ্রকার শাস্তিই ছিল। আমাদের দেশে টাটকা বাজার করে রীতিমতো খেটেখুটে খাবার তৈরি হত। নানা রকমের পাউরুটি, পাস্তা, মাংস, সব্জি দেখতে ভাল, তার গন্ধও অপূর্ব এবং খেতে তো সুস্বাদু বটেই। আর এখানে খাবারের না ছিল রং, না থাকত স্বাদ মশলাপাতি ছাড়া সব খালি সেদ্ধ করে ফেলত। শুধু নুন থাকত, আর মাঝেমধ্যে অল্প গোলমরিচ দিত। সকালে খাওয়ার জন্য দেওয়া ডিম, বেকন আর বেক্‌ড বিন্‌স ফেলে দিতাম আমার ছোট্ট ঘরের জানলাটা দিয়ে। একটু ছুড়ে ঘাসের উপরে ফেলতাম, এলাকার বিড়ালগুলো যাতে এসে খেয়ে সাফ করে দেয়। রাতের খাবারটা ছিল একেবারে নির্যাতনের জিনিস, সেদ্ধ বাঁধাকপি, সঙ্গে অতি ভয়ঙ্কর একটা জিনিস টোস্টের উপরে দেওয়া ক্যানে করে বিক্রি করা স্প্যাগেটি। ওই খাবারটার থেকে মুক্তিলাভের কোনও উপায় আমার জানা ছিল না। কিছুক্ষণ প্লেটে নিয়ে নাড়াচাড়া করতাম, খানিকটা খেতাম, বাকিটা ও রকমই রেখে দিতাম। বাড়িতে যেটা বিনা কষ্টেই পেয়ে যেতাম, সে রকম সুস্বাদু খাবারের খোঁজ তখন আমার সবচেয়ে চিন্তার বিষয় হয়ে উঠেছিল। তবে তা পেতে হলে আমার আগে আশপাশটা একটু চিনতে হত।

 

বাসে চেপে ঘোরাফেরা করতে গিয়ে বার কয়েক হারিয়ে গিয়েছিলাম। তাই অন্য ছাত্রছাত্রীদের মতো একটা সাইকেল ভাড়া নিয়েছিলাম। তাতেও দুর্দশা কম হয়নি। আমার কাছে কেমব্রিজের ট্রাফিকের নিয়ম ছিল একেবারেই ‘উল্টো’। বেশ কয়েক বার দুর্ঘটনা ঘটাতে ঘটাতে বেঁচেছি, কটূক্তিও শুনেছি, তার পরে রাস্তায় সড়গড় হয়েছি এবং কিংগ্‌স স্ট্রিটের শেষ প্রান্তে মুখরোচক খাবারদাবারের একটি দোকানের সন্ধান পেয়েছি। সেখান থেকে সান ডানিয়েলে হ্যামের একটি টিন, কিছু গোরগনজ়োলা বা ফনটিনা চিজ় আর টাটকা পাউরুটি কিনে নিতাম রাতে খাওয়ার জন্য। আর মধ্যাহ্নভোজের সমস্যার সমাধান তো ভার্সিটি করেই দিয়েছিল। রেস্তরাঁর ভিতরটা ছিল বেশ ছিমছাম, কাঠের সাদামাঠা আসবাব, সাদা টেবিলক্লথ, কিন্তু জায়গাটি প্রাণোজ্জ্বল ছিল, ছাত্রছাত্রীদের আসা-যাওয়া লেগে থাকত। সেখানকার প্রধান বেয়ারা লুইজির তত্ত্বাবধানে চলত সবটা। ওর কথা বলার ভঙ্গিতে যে ইটালীয় টান ছিল, তা নিয়ে মজা করা হলে কিছুই মনে করত না, দিনকয়েক দেখেই বরং বুঝে নিত, আমরা কে কী খাবার অর্ডার করতে পারি। চার্লি, গ্রিক মালিক, মাঝেমধ্যে আসত, হলের শেষপ্রান্তে ডেস্কের পিছনে বসে থাকত, ওর পরিচিত লোকজন এলে তবেই একমাত্র খাতিরদারি করতে এগিয়ে আসত।

সেখানেই আমার নজর গিয়েছিল উল্টো দিকের টেবিলে বসে খুব হট্টগোল করা একটা দলের দিকে। সুদর্শন ছেলেটির নম্র-ভদ্র ভাবভঙ্গি বাকিদের থেকে ওকে আলাদা করে দিয়েছিল। কিছুক্ষণ পর পর আড়চোখে দেখছিলাম, খেয়াল রাখছিলাম, যাতে অন্যেরা দেখতে না পায়… ভাবছিলাম, কোন দেশের লোক হতে পারে? আমি এসেছি উত্তর ইটালির একটা ছোট্ট শহর থেকে, সেখানকার লোকেদের চোখে যারা অন্য রকম দেখতে বলে ঠেকত, তারা মূলত দক্ষিণ ইটালির মানুষজন বলেই ধরে নেওয়া হত। কিন্তু একে তো ঠিক তেমনটা দেখতে নয়। আমি বুঝেই উঠতে পারছিলাম না, কোথাকার লোক। নেপেল্‌স, সিসিলি না কি স্পেনের ছেলে? ওর টেবিলটায় খুব হইচই হচ্ছিল, তাও যে ক’টা কথা শুনতে পাচ্ছিলাম, তার অনেকগুলো শব্দই ইংরেজি, বাকিটা আমার কাছে ছিল একেবারে দুর্বোধ্য কোনও বিদেশি ভাষা।

সে সময়ে শীতকালের কেমব্রিজ ছিল কনকনে ঠান্ডা আর ধূসর। হলদেটে একটা কুয়াশার চাদরে মোড়া থাকত শহরটা, আর বছরের এই সময়টায় একটা মনখারাপের পরিবেশ থাকত। কিন্তু জানুয়ারি মাসের সেই রোববার, যে দিনটা আমার জীবন বদলে দেবে, ছিল রোদ ঝলমলে। কনকনে ঠান্ডা হাওয়া গালে এসে সুচের মতো বিঁধছিল, আকাশটা ছিল উজ্জ্বল নীল আর তার মধ্যে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ছড়ানো। ঠিক যেন টিয়েপোলোর কোনও ফ্রেসকো। কোনও এক ঐন্দ্রজালিক যেন দিনটা সাজিয়েছিল। রোজের মতোই ভার্সিটিতে সে দিন দুপুরে খেতে গিয়েছিলাম, সঙ্গে ছিল মিলান থেকে আসা আমার স্কুলের এক বন্ধু। জায়গাটা সে দিন একটু ফাঁকা-ফাঁকা ছিল। আমি হতাশ হয়ে ভাবছিলাম হইচই করা দলটা গেল কোথায়? আমার মনের ভিতরে কী চলছে, তা যাতে বন্ধু বুঝতে না পারে, তাই স্বাভাবিক থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। বাড়ি, লেখাপড়া, নতুন জায়গার অদ্ভুত সব অভিজ্ঞতা নিয়ে ওর সঙ্গে গল্প করছিলাম।

হঠাৎ দরজাটা খুলে ভিতরে ঢুকে এল সেই সুদর্শন তরুণ, এ বার তার সঙ্গে রয়েছে ক্রিশ্চান ভন স্টিগ্লিটজ়, যাকে কিনা আমি চিনতাম আমার হাউজ়মেট রুথের বন্ধু বলে। আমি কি দিবাস্বপ্ন দেখছিলাম? সে সবকিছু বুঝে ওঠার আগেই দেখি দু’জনে আমাদের টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। ‘‘হাই, সনিয়া, এ হল আমার বন্ধু রাজীব,’’ বলেছিল ক্রিশ্চান। হাসিমুখে নিজের হাতটা এগিয়ে দিয়ে রাজীব বলেছিল, ‘‘কেমন আছ, সনিয়া?’’ আমার বুকটা তখন ধড়ফড় করছিল, এতই জোরে যে, বাইরে থেকেও যেন সেই শব্দ শোনা যাচ্ছিল। আমার মুখ তখন তপ্ত, থরথর করে কাঁপতে থাকা হাত রাজীবের দিকে এগিয়ে দিলাম। সেই প্রথম চোখে চোখ রাখা। উদার মুখমণ্ডলে উজ্জ্বল, কালো দুটি চোখ। ‘‘তুমি ভাল তো’’, উত্তরে বলেছিলাম আমি। আর সেই মুহূর্তেই টের পেয়েছিলাম বিদ্যুতের ঝলকানিটা, উন কোলপো দি ফুলমিনে।

ওরও এমনটাই হয়েছিল, পরে আমাকে বলেছিল। সে দিনই ক্রিশ্চান বলল গাড়ি নিয়ে বেড়াতে যাওয়ার কথা। চার জনে মিলে যাওয়া হবে কেমব্রিজের কাছেই ঐতিহাসিক ইলি ক্যাথিড্রালে। আমরা ঘুরেফিরে সেখানকার সিলিংয়ের পেন্টিং, স্থাপত্যের কারুকাজ সব দেখলাম। খুব সুন্দর বেড়ানো হয়েছিল সে দিন। ফেরার পথে, যত বার রাজীব আর আমার চোখাচোখি আর হাসি বিনিময় হচ্ছিল, যেন একটা উত্তেজনা অনুভব করছিলাম। সেই সফরের পরপরই আমি আর রাজীব নিয়মিত দেখাসাক্ষাৎ শুরু করি। ক্রিসের থেকে জানতে পারি যে, ও হল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাতি। রাজীবের তখন একুশ বছর বয়স, দিল্লি থেকে এসেছে ট্রিনিটি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে।

(প্রথম পর্ব: ভালবাসা ও প্রণয়কাল, অধ্যায় এক, পৃ:৩-৫)

-আনন্দবাজার

পূর্বের খবরকোয়াড বৈঠকে যোগ দিতে ফিলিপিন্সে ট্রাম্প : চীনের প্রভাব মোকাবিলায় কোয়াডের নতুন উদ্যোগ
পরবর্তি খবরPM urges students to be responsible towards country, society
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!