পল্লব ভট্টাচার্যের ফেসবুক থেকে
ভিনিউজ : ভারতের মধ্য প্রদেশে আমি গিয়েছি বেশ কয়েকবার। কিন্তু দর্শনীয় ঐতিহাসিক স্থানের দশভাগের একভাগও দেখা হয়ে ওঠেনি এখনও। হবেই বা কি করে – বিশাল এক রাজ্য। ২০০০ সালে মধ্য প্রদেশকে ভেঙ্গে ছত্তিশগড় রাজ্য প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এটাই ছিলো ভারতের সবচেয়ে বড় রাজ্য। সেসময় এই রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দুরত্ব ছিল ১৫০০ কিলোমিটারের বেশী। ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন পাশ হওয়ার আগে তো এই রাজ্য ছিল আরও অনেক বড়। সে বিস্তৃত ইতিহাস প্রসঙ্গ আজ থাক।
এর আগে একবার স্বল্প সময়ের জন্য এই রাজ্যের ঐতিহাসিক নগরী গোয়ালিয়র যাওয়ার সুযোগ হলেও এবার আবারও সেই নগরীকে আমরা ভ্রমণ সূচীতে রেখেছিলাম মূলতঃ জগদ্বিখ্যাত এক সঙ্গীত সাধকের ইতিহাসের খোঁজে। স্থানীয়সুত্র এবং নানা কিছু ঘাঁটাঘাঁটি করে তাঁর ইতিহাস মিলেছেও বিস্তর – ছোটখাটো একটা বইও লিখে ফেলা যাবে হয়তো। সংগৃহীত ইতিহাসের খুব ছোট্ট একটা প্রাসঙ্গিক অংশ আজ জানাবো এখানে।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। বলছিলাম ভারতীয় উপমহাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ – সুর সম্রাট তানসেন এর কথা। তাঁকেই হিন্দুস্থানি উচ্চাঙ্গ সংগীতের জনক হিসেবে বিবেচনা করা হয়। পুরো নাম রামতনু পান্ডে। এই গোয়ালিয়র নগরেই সম্ভ্রান্ত এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের এক উচ্চ মার্গীয় গুরু, স্বামী হরিদাস এর যোগ্য শিষ্য তানসেন এর জন্ম ও মৃত্যুর সঠিক সময় নিয়ে ইতিহাসবেত্তাদের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকলেও ১৪৯৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তাঁর জন্ম হয়েছিল বলে সকলেই একমত। জানা যায় পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি কথা বলতে পারেননি। তাঁর পিতা মুকুন্দ চান্দ পান্ডে সেসময়কার একজন নামকরা কবি ও সঙ্গীতজ্ঞ ছিলেন এবং বেশ কিছুকাল বেনারসের একটি প্রসিদ্ধ মন্দিরে পৌরহিত্য করেন। তিনি গোয়ালিয়রের তৎকালীন সুফি সাধক হযরত শেখ মোহাম্মদ গাউস এর ভক্ত ছিলেন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এই সুফি সাধকের আশির্বাদেই তাঁর প্রতিভাবান পুত্রের জন্ম। পরবর্তীকালে তানসেন নিজেও এই সুফি সাধকের সান্নিধ্যে আসেন ও তাঁর প্রতি অনুরক্ত হন। তানসেন উপাধিটি সম্রাট আকবর দিয়েছিলেন বলে অনেকে মনে করলেও আসলে উপাধিটি তিনি পেয়েছিলেন গোয়ালিয়র এর রাজা বিক্রমজিত এর কাছ থেকে, মতান্তরে এই উপাধিটি রেওয়ার মহারাজা রামচন্দ্রের দেওয়া। তানসেন এবং বীরবল দুজনেই প্রথমে এই রামচন্দ্রের রাজসভায় ছিলেন। পরে রামচন্দ্র নিজেই এ দুজনকে তাঁর ঘনিষ্ট বন্ধু সম্রাট আকবরের রাজসভায় পাঠান। পরে এ দুজনেই আকবরের রাজসভার নবরত্নের মধ্যে স্থান করে নেন। পরবর্তীকালে সম্রাট আকবর তানসেনকে সে সময়কার অতীব সম্মানজনক ‘মিঁয়া’ উপাধিতে ভুষিত করলে তাঁর নাম হয় মিঁয়া তানসেন। কথিত আছে তানসেন তাঁর সঙ্গীতের মাধ্যমে আগুন জ্বালাতে ও বৃষ্টি নামাতে সক্ষম ছিলেন। তাঁর একমাত্র কন্যা সরস্বতী দেবীও গান গেয়ে বৃষ্টি নামানোর সক্ষমতা পিতার কাছ থেকে কিছুটা আয়ত্ত করতে পেরেছিলেন বলে জানা যায়। কতিপয় ইতিহাসবিদদের মতে ১৫৮৬ সালে দিল্লিতে তানসেনের মৃত্যু হয়েছিল এবং সম্রাট আকবর তাঁর সভাসদ সহ তাঁর শেষকৃত্যে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আরেকদল ইতিহাসবিদ সে সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন। তবে সবচেয়ে নির্ভরযোগ্য ইতিহাস হলো বিখ্যাত ‘আকবরনামা’ ও ‘আইন-ই-আকবরী’ এর রচয়িতা প্রখ্যাত ইতিহাসবেত্তা আবুল ফজল এর মতামত। কারণ তিনি নিজেও সম্রাট আকবরের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাঁর রাজসভার নবরত্নের একজন ছিলেন। এই পন্ডিত ব্যাক্তি পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল ফার্সি ভাষায় অনুবাদও করেছিলেন। তিনি একেবারে নির্দ্দিষ্ট দিন তারিখ উল্লেখ করে লেখেন যে, ১৫৮৯ সালের ২৬ এপ্রিল তানসেনের মৃত্যু হয় এবং হিন্দু ধর্মীয় আচার পালন শেষে তাঁর ইচ্ছানুযায়ী হযরত গাউসের সমাধিক্ষেত্রে তাঁকে সমাহিত করা হয়। পরবর্তীকালের ইতিহাসবিদগণ আবুল ফজল সাহেবের মতামতকেই সমর্থন করেছেন। এই সমাধিক্ষেত্রে আরও অনেক সমাধি রয়েছে দেখলাম। তবে সেগুলো কাদের সে বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা যায় এগুলো সুফী সাধক হযরত গাউসের খুব নিকটতম শিষ্যদের হওয়ার সম্ভাবনাই বেশী, বলছিলেন আমাদের গাইড। তানসেনের সমাধির পাশেই বহু বছরের পুরনো একটি বড়সড় তেঁতুল গাছ রয়েছে। বিশ্বাসী গায়কগণ মিষ্টি কন্ঠের আশায় এখনও এই গাছের পাতা চিবিয়ে খান বলে এখানে একটি ফলকে উৎকীর্ণ আছে।
শেষ কথা হলো, আধুনিক ইতিহাসবেত্তা ও গবেষকদের মধ্যে অনেকেরই ধারণা ক্ষণজন্মা এই সঙ্গীত সাধকের প্রকৃত ইতিহাসের অনেকখানি এখনও অনাবিষ্কৃত, রহস্যাবৃত। আসলেই তাই।



