ভিনিউজ : বিবাহবিচ্ছেদের জল্পনা, বিশ্বাসভঙ্গের অভিযোগ এবং তৃতীয় ব্যক্তিকে ঘিরে বিতর্ক, সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন। তবে এত বিতর্কের পরও প্রায় চার দশকের সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখছেন না সুনীতা। বরং স্বামীর সঙ্গে পুরোনো দিনের মতো আবার সুখের সংসার গড়ে তোলার আশায় রয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনের কথা জানিয়ে সুনীতা বলেছেন, ‘এই জীবনে কেউ আমাদের আলাদা করতে পারবে না।’
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা তাঁদের দাম্পত্য জীবনের পুরোনো স্মৃতিচারণ করেন। বিশেষ করে দীপাবলির সময় গোবিন্দের সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে তাঁর। একসময় উৎসবের কেনাকাটা, উপহার দেওয়া এবং সোনার গয়না কেনার জন্য গোবিন্দ তাঁকে ও মেয়ে টিনাকে সঙ্গে নিয়ে যেতেন। সেই দিনগুলো আবার ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। একসঙ্গে আবার গয়না কেনাকাটায় যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন অভিনেতার স্ত্রী।
সুনীতার বক্তব্য, তাদের বিয়ের বয়স প্রায় ৪০ বছর। বর্তমানে সময় তাদের অনুকূলে না থাকলেও এই দীর্ঘ সম্পর্ক সহজে শেষ হয়ে যাওয়ার নয়। সময়ের সঙ্গে লড়াই করা যায় না, তবে পরিস্থিতি বদলাতে পারে। গোবিন্দ নিজের মতো কাজ করছেন, অন্যদিকে তিনিও নিজের পেশা ও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ভবিষ্যতে তাদের সম্পর্ক আবার স্বাভাবিক হবে কি না, সেই সিদ্ধান্ত ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
এর আগে গোবিন্দও তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রীকে নিজের ‘প্রথম প্রেম’ বলে উল্লেখ করেন অভিনেতা। তার দাবি, সুনীতা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন। স্ত্রীর জন্য তার বাড়ির দরজা সব সময় খোলা বলেও জানিয়েছিলেন তিনি। তাঁদের সম্পর্কের সংকট নিয়ে অন্যদের প্রভাব বা উসকানির প্রসঙ্গও তুলেছিলেন গোবিন্দ।
অন্যদিকে, সুনীতা এর আগে একাধিক সাক্ষাৎকারে স্বামীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন। বিশেষ করে গোবিন্দের ‘রূপা’ ছবির সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও গোবিন্দের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমেও নানা সময়ে আলোচনা হয়েছে।
গত সেপ্টেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতা বলেছিলেন, গোবিন্দকে বিয়ে করার জন্য তার কোনও অনুশোচনা নেই। অভিনেতার সাফল্যের আগে থেকেই তিনি তাকে ভালোবাসতেন। তবে আত্মসম্মানের প্রশ্নে তিনি আপস করতে রাজি নন বলেও জানিয়েছিলেন। ফলে সাম্প্রতিক আশাবাদী বক্তব্যের মধ্যেও তাদের সম্পর্কের জটিলতা পুরোপুরি কেটে গেছে, এমনটা বলার সুযোগ নেই।
উল্লেখ্য, ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ ও সুনীতা। তাদের দুই সন্তান, মেয়ে টিনা আহুজা ও ছেলে যশবর্ধন আহুজা। প্রায় ৩৯ বছরের দাম্পত্যে নানা চড়াই-উৎরাই পেরিয়ে এখন তাঁদের সম্পর্ক কোন দিকে এগোয়, সেদিকেই নজর বলিউডের।
-The Indian Express, NDTV




