বিনোদন ডেস্ক : রাখি উৎসব উপলক্ষে প্রকাশিত একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সমাজমাধ্যমে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও অনলাইন ট্রোলিং নিয়ে সরব হলেন অভিনেত্রী। তার অভিযোগ, যারা ভারতীয় সংস্কৃতি ও নারীর সম্মানের কথা বলে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিল, তাদেরই একাংশ পরবর্তী সময়ে তার বাবা-মা ও বোনকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছে।
সম্প্রতি অভিনেত্রী করিনা কাপুর খানের ইউটিউব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন কৃতি। সেখানে তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নেতিবাচক মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে কৃতি বলেন, সাধারণত তিনি সামাজিক মাধ্যমের পোস্টের নিচে মন্তব্য পড়েন না। কিন্তু কিছু মানুষের মন্তব্যের ভাষা তাকে বিস্মিত ও আহত করেছে। বিশেষ করে যারা সংস্কৃতি ও সম্মানের কথা বলেছিলেন, তাদেরই অনেকে তার পরিবারের সদস্যদের উদ্দেশে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
কৃতি জানান, পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে তার বোন তাকে সামাজিক মাধ্যমে মন্তব্য করার সুযোগ বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কৃতির প্রশ্ন, কেন তিনি মন্তব্যের জায়গা বন্ধ করবেন? তার মতে, নারীদের নিজেদের অধিকারের পক্ষে কথা বলা জরুরি। সামাজিক মাধ্যমে কাউকে ব্যক্তিগত আক্রমণ করার অধিকার অন্যদের কে দিয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

রাখির বিজ্ঞাপন ঘিরে বিতর্কের পেছনে আরও বড় সামাজিক সমস্যা রয়েছে বলে মনে করেন এই অভিনেত্রী। তার বক্তব্য, সমাজে নারীদের প্রতিনিয়ত নানা বিষয়ে বিচার করা হয়। তারা কী পোশাক পরবেন, তাদের শারীরিক গঠন কেমন, তারা অন্তঃসত্ত্বা কি না, এসব ব্যক্তিগত বিষয় নিয়েও নারীদের সমালোচনার মুখে পড়তে হয়। অথচ একই ধরনের বিষয়ে পুরুষদের এতটা প্রশ্নের মুখে পড়তে হয় না।
সমাজে গভীরভাবে প্রোথিত পিতৃতান্ত্রিক মানসিকতা ও লিঙ্গবৈষম্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কৃতি। তার মতে, চলচ্চিত্র তারকারা অনেক সময় সহজ লক্ষ্যবস্তু হয়ে ওঠেন। কিন্তু তাঁরাও সাধারণ মানুষ। অন্যদের মতো তাদেরও অনুভূতি রয়েছে এবং এ ধরনের আক্রমণ তাঁদের মানসিকভাবে আঘাত করে। এই বৈষম্যমূলক মানসিকতা ভাঙতে হলে বারবার এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, রাখি উৎসবের আগে একটি গয়না প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন কৃতি। বিজ্ঞাপনে ভাইকে রাখি পরানোর সময় তাঁর ব্রালেট ও স্কার্ট পরা নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তি ওঠে। পাশাপাশি পোষ্য কুকুরের হাতে রাখি বাঁধার দৃশ্য নিয়েও সমালোচনা শুরু হয়। বিতর্ক তীব্র হলে নিজের পোশাকের পক্ষে বিবৃতি দিয়েছিলেন অভিনেত্রী। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট সংস্থা বিজ্ঞাপনটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়।
কাজের ক্ষেত্রে কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ ছবিতে। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রশ্মিকা মন্দানা।




