ভিনিউজ ডেস্ক
একসময় তাদের সম্পর্ক ছিল বলিউডের অন্যতম আলোচিত প্রেমকাহিনি। করীনা কপূর খান ও শাহিদ কপূরের প্রেম নিয়ে একসময় কম আলোচনা হয়নি। একসঙ্গে একাধিক ছবিতে অভিনয়, প্রকাশ্যে ঘনিষ্ঠতা-সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। বিচ্ছেদের পর দু’জনের পথও আলাদা হয়ে যায়। একই অনুষ্ঠানে দেখা হলেও পরস্পরকে এড়িয়ে চলার চেষ্টা করেছেন তারা। সেই পুরোনো সম্পর্কের আবহেই এবার তৈরি হয়েছে এক নতুন চমক। শাহিদের বর্তমান স্ত্রী মীরা কপূরকে দেখা গেল করীনার জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানে।
ইতিমধ্যে অনুষ্ঠানটির শুটিং হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেছেন মীরা। করীনাও শেয়ার করেছেন একটি ছবি। আর সেই ছবিতেই এক ফ্রেমে ধরা দিয়েছেন শাহিদের প্রাক্তন প্রেমিকা করীনা এবং তার বর্তমান স্ত্রী মীরা। স্বাভাবিকভাবেই ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডে শুরু হয়েছে আলোচনা।
মীরা তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে করীনাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “মহিলারা নিজেদের মতো করে বাঁচতে চান। আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ করীনা। তুমি যেমন মানুষ ও নারী, তেমনই থাকার জন্য তোমাকেও ধন্যবাদ।” মীরার সেই পোস্টে করীনা মন্তব্য করেন, “তুমি এসেছ, এর জন্য আমি খুব খুশি।”
দুই তারকার এই আন্তরিক কথাবার্তা দেখে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে। বিশেষ করে করীনার অনুষ্ঠানে সাধারণত তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে, পরিবার, সন্তান এবং সম্পর্ক নিয়ে নানা অজানা বিষয় উঠে আসে। ফলে মীরা অতিথি হওয়ায় এবারের পর্ব নিয়ে দর্শকদের আগ্রহ স্বাভাবিকভাবেই বেশি।
তবে করীনা ও মীরার মধ্যে ঠিক কী আলোচনা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। শাহিদের সঙ্গে দাম্পত্য জীবন, তাদের সন্তানদের বড় করে তোলা, নিজের পরিচয় ও জীবনযাপন কিংবা করীনার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক-এসব নিয়ে মীরা কোনও কথা বলেছেন কি না, তা জানার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
করীনা ও শাহিদের প্রেমের গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও। ‘জব উই মেট’ ছবির শুটিংয়ের সময় তাদের সম্পর্কে নাকি টানাপোড়েন তৈরি হয়েছিল বলে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্কের সেই জটিলতা তাদের পেশাগত কাজে প্রকাশ পায়নি। ছবিতে দু’জনের অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছিল। পরিচালক ইমতিয়াজ় আলিও তাঁদের পেশাদার আচরণের প্রশংসা করেছেন বিভিন্ন সময়ে।
পরবর্তীতে করীনা সম্পর্কে জড়ান অভিনেতা সইফ আলী খানের সঙ্গে। ২০১২ সালে সাইফকে বিয়ে করেন তিনি। অন্যদিকে শাহিদ ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন। তাঁদের বিয়ে ছিল পারিবারিকভাবে ঠিক করা। বয়সের ব্যবধান এবং ভিন্ন জীবনযাত্রার কারণে শুরুতে এই বিয়ে নিয়েও আগ্রহ ছিল বলিউডে। সময়ের সঙ্গে অবশ্য নিজেদের সংসার ও সন্তানদের নিয়ে স্থির জীবন গড়ে তুলেছেন দু’জনেই।
এখন করীনা ও মীরার এই একসঙ্গে ছবি পুরোনো সম্পর্কের গল্পকে নতুন করে সামনে নিয়ে এসেছে। তবে অতীতকে ঘিরে জল্পনার বাইরে, দুই নারীর এই সৌহার্দ্যপূর্ণ উপস্থিতিই আপাতত নজর কেড়েছে অনুরাগীদের। অনুষ্ঠানের পুরো পর্ব সম্প্রচার হলে তাঁদের কথোপকথন থেকে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, এখন সেটিই দেখার বিষয়।




