বিনোদন ডেস্ক
দীর্ঘ এক দশক পর আবারও আলোচনায় এসেছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত রিভলভার রানি ছবির একটি চুম্বন দৃশ্য। সম্প্রতি এক সাংবাদিকের করা দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক। তবে সেই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন অভিনেতা বীর দাস। একই সঙ্গে অভিযোগকারী সাংবাদিককে কড়া ভাষায় জবাব দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউতও।
সম্প্রতি এক পডকাস্টে সাংবাদিক ও নেটপ্রভাবী সিমি চন্দোক দাবি করেন, রিভলভার রানি ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় কঙ্গনা নাকি চরিত্রের আবেগে এতটাই ডুবে গিয়েছিলেন যে পরিচালক “কাট” বলার পরও চুম্বনের দৃশ্য চালিয়ে যান। তার দাবি, ওই সময় বীর দাসের ঠোঁটে কামড় লেগে রক্তপাত পর্যন্ত হয়েছিল। এমনকি তিনি বলেন, বিষয়টি নিয়ে বীরকে জিজ্ঞাসা করলে তিনিও একই কথা স্বীকার করবেন।
তবে কয়েক দিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন বীর দাস। তিনি স্পষ্ট ভাষায় জানান, পুরো ঘটনাটিই বানানো এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।
বীর দাস লেখেন, “এই গল্পটি পুরোপুরি মনগড়া। কঙ্গনা এবং আমি দু’জনই পেশাদার শিল্পী। তিনি অত্যন্ত দক্ষ অভিনেত্রী। এ ধরনের মিথ্যা গল্প ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা অনৈতিক।”
তবে একই পোস্টে অতীতের একটি বিতর্কের কথাও স্মরণ করিয়ে দেন বীর। তিনি উল্লেখ করেন, কয়েক বছর আগে কঙ্গনা তাঁকে “সন্ত্রাসবাদী” বলে মন্তব্য করেছিলেন। তা সত্ত্বেও রিভলভার রানি ছবির শুটিংয়ের সময় তাঁদের মধ্যে কোনো ধরনের পেশাগত সমস্যা বা বিরোধ ছিল না বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে ভারতের সামাজিক বাস্তবতা নিয়ে বক্তব্য দেওয়ার পর সমালোচনার মুখে পড়েন বীর দাস। সে সময় কঙ্গনাও তাঁর বক্তব্যের সমালোচনা করে কঠোর মন্তব্য করেছিলেন। সেই বিতর্ক তখন বেশ আলোচিত হয়েছিল।
এবার অবশ্য বীরের সমর্থন পেয়ে অভিযোগকারী সাংবাদিকের বিরুদ্ধে সরব হয়েছেন কঙ্গনা। বীরের পোস্টের মন্তব্যে তিনি লেখেন, “ধন্যবাদ, বীর। কিন্তু উনি কে? মনে হচ্ছে, কোনো বিকৃত মানসিকতার মানুষ আমাদের নিয়ে এমন গল্প বানিয়ে নিজের অসুস্থ কল্পনাকে প্রশ্রয় দিচ্ছেন। আমি নাকি তোমার রক্ত খেয়েছি, আর সেই কারণে তুমি এখনও এক দশক পরেও কাঁদছ—এমন গল্প সত্যিই অবিশ্বাস্য।”
কঙ্গনার এই মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বীর দাসের বক্তব্যকে পেশাদারিত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। আবার কেউ কেউ মনে করছেন, ভিত্তিহীন ব্যক্তিগত দাবি প্রচার করার আগে তথ্য যাচাই করা জরুরি।
পুরো ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হলেও বীর দাস ও কঙ্গনা-দু’জনই স্পষ্ট করেছেন, রিভলভার রানি ছবির শুটিংয়ে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে বহু বছর পর ছড়িয়ে পড়া এই দাবি দু’জন তারকাই প্রকাশ্যে অস্বীকার করেছেন।




