ভিনিউজ ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমন খান ষাট বছরে পা দিলেও এখনও অবিবাহিত। দীর্ঘ অভিনয় জীবনে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে নানা সময়ে বিস্তর আলোচনা হয়েছে। সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বর্যা রাই, ক্যাটরিনা কাইফ কিংবা ইউলিয়া ভন্তুর-অনেকের নামই এসেছে তাঁর জীবনের সঙ্গে। তবে খুব কম মানুষই জানেন, সালমনের প্রথম প্রেমিকা ছিলেন শাহীন জাফরি, যিনি বর্তমান বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণীর আত্মীয়া।
জানা যায়, মাত্র ১৯ বছর বয়সে, চলচ্চিত্রে পা রাখার আগেই শাহীন জাফরির প্রেমে পড়েছিলেন সালমন। সে সময় শাহীন মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তেন। প্রিয় মানুষটির এক ঝলক দেখার জন্য কলেজের বাইরে অপেক্ষা করতেন তরুণ সালমন। তাঁদের সম্পর্কের কথা দুই পরিবারের সদস্যরাও জানতেন এবং সালমনের পরিবার শাহীনকে বেশ পছন্দ করত। এমনকি ভবিষ্যতে তাঁকে পরিবারের পুত্রবধূ হিসেবে দেখার ইচ্ছাও ছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
শাহীন জাফরি ছিলেন কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের নাতনি। তাঁর বাবা হামিদ জাফরির প্রথম পক্ষের মেয়ে ছিলেন শাহীন। পরে হামিদ বিয়ে করেন অশোক কুমারের কন্যা ভারতীকে। হামিদের আরেক মেয়ে জেনি জাফরির কন্যাই বর্তমান বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। সেই হিসেবে শাহীন জাফরি কিয়ারার খালা ।
বছর কয়েক আগে ভারতী জাফরি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সালমন ও শাহীন নিয়মিত একে অপরের বাড়িতে যাতায়াত করতেন। কিন্তু সালমন অভিনয় জগতে প্রবেশের পর তাঁদের সম্পর্কের মোড় ঘুরে যায়। চলচ্চিত্রে কাজ শুরু করার পর সালমনের জীবনে আসেন সঙ্গীতা বিজলানি। এরপর ধীরে ধীরে শাহীনের সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটে।
সঙ্গীতা বিজলানির সঙ্গে প্রায় এক দশক সম্পর্কে ছিলেন সালমন। তাঁদের বিয়ের প্রস্তুতিও অনেক দূর এগিয়েছিল, এমনকি বিয়ের কার্ডও ছাপা হয়েছিল বলে দীর্ঘদিন ধরে বলিউডে প্রচলিত রয়েছে। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কও ভেঙে যায়। পরে সালমনের জীবনে আসেন সোমি আলি, এরপর ঐশ্বর্যা রাই ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও ব্যাপক আলোচনা হয়। যদিও এসব সম্পর্কের কোনোটিই পরিণতি পায়নি।
বর্তমানে রোমানীয় গায়িকা ইউলিয়া ভন্তুরের সঙ্গে সালমনের সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরে বলিউডে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে তাঁদের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। দীর্ঘ ক্যারিয়ারে সালমন খানের ব্যক্তিগত জীবন নিয়ে যতই আলোচনা হোক না কেন, তাঁর প্রথম প্রেম শাহীন জাফরির নাম এখনও অনেকটাই আড়ালেই রয়ে গেছে। অথচ বলিউডের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণীর সঙ্গে সেই পারিবারিক সম্পর্কের তথ্য নতুন করে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।




