ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী-কে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তিনি ঢাকায় বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-এর স্থলাভিষিক্ত হচ্ছেন। এরই মধ্যে প্রণয় ভার্মাকে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দিনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন।
৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই নেতা একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতি করেন এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দেন।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়লেও, মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় তা নতুনভাবে গতি পেতে শুরু করে। পরবর্তীতে তারেক রহমানে-এর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক আরও স্বাভাবিক ধারায় ফিরে আসে।
এমন প্রেক্ষাপটে একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।



