ভিনিউজ ডেস্ক : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও যৌথ আত্মত্যাগকে স্মরণ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত হলো মুক্তিযোদ্ধা ও যুদ্ধবীরদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সফর। বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে অংশ নিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর আটজন যুদ্ধবীর ও দুইজন কর্মরত কর্মকর্তা ঢাকায় আগমন করেছেন। একই সময়ে ভারতের বিজয় দিবস (বিজয় দিবস) উপলক্ষে আটজন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দুইজন কর্মরত কর্মকর্তা ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে কলকাতা সফরে যান।
এই সফরকালে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ভারতের সেইসব যুদ্ধবীর ও সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছন , যারা ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান করেছিলেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। একইভাবে ভারতীয় প্রতিনিধিদলও বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ ও স্মৃতিচারণায় অংশ নেবেন।

এই পারস্পরিক সফর দুই দেশের মুক্তিযোদ্ধা ও যুদ্ধবীরদের জন্য এক অনন্য মঞ্চ তৈরি করেছে, যেখানে তারা মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করছেন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে নতুন করে উদযাপন করছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কেবল একটি সামরিক বিজয় নয়, বরং এটি দুই দেশের সশস্ত্র বাহিনীর যৌথ আত্মত্যাগ, মানবিক সহযোগিতা এবং গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিরোধের প্রতীক, এই সফর সেই চেতনাকেই নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে।




