স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। এ বিষয়ে যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

তিনি বলেন, আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালাসহ সবকিছু পর্যালোচনা করে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা, তা নির্বাচন কমিশন ঠিক করবে। এ বিষয়ে আইনগত মতামত বা ব্যাখ্যার প্রয়োজন হলে নির্বাচন কমিশন সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে পারে। তখন আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করে দেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা কিংবা অযোগ্যতা নির্বাচন কমিশনই ঠিক করবে। এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়ে জামায়াত সরকারের ওপর কোনো দায় চাপালে তা হবে না। সংসদে বিল পাস হওয়ার সময় তারাও ছিল।

এদিকে, বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন, স্থানীয় উন্নয়ন, জলবায়ু এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

পূর্বের খবরপ্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা
পরবর্তি খবরগ্লোবাল সাউথকে ঐক্যবদ্ধ করার আহ্বান শি জিনপিংয়ের
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!