সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে করের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। নতুন নিয়মে উৎসে কাটা কর আর চূড়ান্ত কর হিসেবে গণ্য হবে না, বরং অগ্রিম কর হিসেবে সমন্বয় হবে। ফলে যাদের প্রকৃত করহার কম, তারা আয়কর রিটার্ন জমা দিয়ে অতিরিক্ত কাটা অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, যাদের আয় ও করহার বেশি, তাদের বাড়তি করও দিতে হতে পারে। নতুন এই নিয়মে কারা লাভবান হবেন, কার ওপর বাড়বে করের বোঝা এবং অতিরিক্ত কর ফেরত পেতে কী করতে হবে—তা জেনে নেওয়া যাক।

বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফা থেকে টিআইএনধারীদের ১০ শতাংশ এবং টিআইএন না থাকলে ১৫ শতাংশ উৎসে কর কেটে রাখা হয়। আগে এই করই চূড়ান্ত বলে বিবেচিত হতো। ফলে অতিরিক্ত কর কাটা হলেও তা ফেরত পাওয়ার সুযোগ ছিল না।

নতুন নিয়মে বেশি কর কাটা হলে রিটার্ন জমা দিয়ে তা ফেরত পাওয়া যাবে। আবার প্রযোজ্য কর বেশি হলে বাড়তি অর্থ পরিশোধ করতে হবে।

কার লাভ, কার ক্ষতি

নতুন নিয়মে যাদের প্রকৃত করহার ১০ শতাংশের কম, তাদের সুবিধা হওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে, যাদের করহার ১০ শতাংশের বেশি, তাদের সঞ্চয়পত্রের মুনাফার ওপর বাড়তি কর দিতে হতে পারে।

যেমন, কোনো ব্যক্তি সঞ্চয়পত্র থেকে বছরে এক লাখ টাকা মুনাফা পেলেন। এজন্য ১০ শতাংশ হারে ১০ হাজার টাকা উৎসে কর কাটা হলো। অন্য উৎস থেকে তার আয় সাড়ে তিন লাখ টাকা। সব মিলিয়ে বার্ষিক আয় দাঁড়ালো সাড়ে চার লাখ টাকা।

ধরা যাক, প্রথম চার লাখ টাকা করমুক্ত এবং পরের ৫০ হাজার টাকার ওপর ১০ শতাংশ হারে পাঁচ হাজার টাকা কর প্রযোজ্য। সেক্ষেত্রে উৎসে কাটা ১০ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে।

অন্যদিকে, কোনো ব্যক্তি সঞ্চয়পত্র থেকে পাঁচ লাখ টাকা মুনাফা পেলেন। এজন্য ৫০ হাজার টাকা উৎসে কর কাটা হলো। পাশাপাশি বেতন বা অন্য উৎস থেকে তার আয় চার লাখ টাকা। সব মিলিয়ে বার্ষিক আয় দাঁড়াল ৯ লাখ টাকা।

প্রযোজ্য করধাপ অনুযায়ী প্রথম চার লাখ টাকা করমুক্ত, পরের তিন লাখ টাকায় ১০ শতাংশ হারে ৩০ হাজার এবং পরের দুই লাখ টাকায় ১৫ শতাংশ হারে ৩০ হাজার টাকা কর দিতে হবে। অর্থাৎ, মোট করের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার টাকা। আগে উৎসে কাটা ৫০ হাজার টাকা সমন্বয়ের পর তাকে আরও ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে।

অতিরিক্ত কর ফেরত পাবেন যেভাবে

নতুন ব্যবস্থায় বছর শেষে প্রকৃত করের চেয়ে বেশি অর্থ কাটা হলে তা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। যেমন, সঞ্চয়পত্রের মুনাফা থেকে ৩০ হাজার টাকা উৎসে কর কাটা হয়েছে। কিন্তু বিভিন্ন করছাড় ও হিসাব সমন্বয়ের পর ওই ব্যক্তির প্রকৃত কর দাঁড়াল ২০ হাজার টাকা। সেক্ষেত্রে বাকি ১০ হাজার টাকা ফেরত পাওয়ার দাবি করতে পারবেন তিনি।

তবে এ সুবিধা পেতে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। রিটার্নে ব্যাংক হিসাবের তথ্য দিয়ে অতিরিক্ত কর ফেরতের আবেদন করতে হবে। পাশাপাশি উৎসে কর কাটার প্রমাণপত্র জমা দিতে হবে।

বিশেষ করে যাদের আয় করমুক্ত সীমার মধ্যে, অথচ সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর কাটা হচ্ছে, তাদেরও টাকা ফেরত পেতে টিআইএন নিয়ে রিটার্ন জমা দিতে হবে। কর বিভাগের যাচাই-বাছাই শেষে ১২০ দিনের মধ্যে প্রাপ্য অর্থ ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার বিধান রয়েছে।

ফলে নতুন নিয়মে কম আয়ের সঞ্চয়কারীরা অতিরিক্ত কাটা কর ফেরত পাওয়ার সুযোগ পাবেন। তবে বেশি আয় ও উচ্চ করহারের ব্যক্তিদের ক্ষেত্রে সঞ্চয়পত্রের মুনাফায় করের পরিমাণ আগের তুলনায় বাড়তে পারে।

পূর্বের খবরপোশাকখাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
পরবর্তি খবরগাজীপুরে ১৮ প্লাটুন বিজিবি-আনসার ও ৮ পেট্রোল এসআরবি মোতায়েন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!