মক্কা জোটের সঙ্গে কাজ করতে সম্মত ইরান

সম্প্রতি গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের সদস্য দেশগুলোর সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে ইরান। গতকাল সোমবার রাতে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে মক্কা জোটের তিন মূল সদস্য দেশ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে মতৈক্য প্রতাশ করে দেশটি। বৈঠক শেষে তেহরানের পক্ষ থেকে জানানো হয়, ইরান এবং মক্কা চুক্তিভুক্ত দেশগুলো আঞ্চলিক শান্তি বজায় রাখা এবং পারস্পরিক সংলাপ ও আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে সম্পূর্ণ সম্মত হয়েছে। গতকালের তেহরান সফরে প্রতিনিধি দল ইরানের প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা প্রধানের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় সংলাপে মিলিত হন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকে অংশ নিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি কানি, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের উপমন্ত্রী রায়েদ ক্রিমলিও তাদের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান সংকটে জড়িত পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমানো, সংলাপ এগিয়ে নেওয়া এবং কূটনৈতিক সমাধান খুঁজে বের করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর হচ্ছে। এ ক্ষেত্রে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন দেবে মক্কা প্রতিরক্ষা জোটের মিত্র দেশগুলো।

বৈঠকে আগে সামাজিক মাধ্যম এক্সে ক্রিমলি লিখেছেন, ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং সেই লক্ষ্য অর্জনে অঞ্চলের সব দেশের সঙ্গে কাজ করার ক্ষেত্রে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি এই সফর তুলে ধরছে।’

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তুরস্কের গোয়েন্দাপ্রধান তেহরানের বৈঠকে অংশ নেবেন। যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে আন্তরিক না হলেও ইরান কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।

তেহরানে সাংবাদিকদের তিনি বলেন, ‘স্পষ্ট বিষয়টি হলো মার্কিন পক্ষ আলোচনা নিয়ে আন্তরিক নয়। গত দুই বছরে যুক্তরাষ্ট্র দেখিয়েছে, তারা আলোচনার সঙ্গে নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার বিষয়টিকে গুলিয়ে ফেলে।’ বাঘায়ি আরও বলেন, ‘আমরা কখনও কূটনীতির দরজা বন্ধ করিনি। নিজেদের জনগণ ও বিশ্বকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি, কূটনীতির প্রতি আমাদের অঙ্গীকার আন্তরিক ও অবিচল।’

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় আঞ্চলিক উদ্যোগের ওপর জোর ইরানের
মধ্যপ্রাচ্যের আসন্ন বৈঠক সামনে রেখে নিজেদের স্বার্থ ও উদ্বেগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় আঞ্চলিক দেশগুলোর প্রশংসা করেছে ইরান। তেহরানে এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘায়ি বলেন, ‘আঞ্চলিক দেশগুলো নিজেদের স্বার্থ ও উদ্বেগের ভিত্তিতে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে, কিংবা অন্তত এ ধরনের ব্যবস্থা বিবেচনা করছে, এটি আমরা ইতিবাচক অগ্রগতি বলে মনে করি।’

তিনি বলেন, ‘এই বৈঠক নিজস্ব সক্ষমতা ও উদ্যোগের ভিত্তিতে নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও এগিয়ে নেওয়ার পথ তৈরি করতে পারে। কয়েক দশক ধরে আমরা এই নীতির ওপর জোর দিয়ে আসছি। আমরা ধারাবাহিকভাবে বলে আসছি, অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সেখানকার দেশগুলোর স্বার্থ ও নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের ওপর নির্ভর করতে হবে।’

৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় অভিযান চালাতে প্রস্তুত মার্কিন বাহিনী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বাহিনী। গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের জন্য প্রয়োজনীয় সামরিক বাহিনী এরই মধ্যে ওই অঞ্চলে মোতায়েন রয়েছে। তবে অভিযান চালানোর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। সম্ভাব্য এই অভিযান সাম্প্রতিক মাসগুলোতে ইরানের সামরিক স্থাপনায় চালানো সীমিত হামলাগুলোর তুলনায় অনেক বিস্তৃত হতে পারে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও পেন্টাগন সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি বড় তালিকা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামো।

আগের অভিযানগুলোতে মূলত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, রাডার স্থাপনা ও দ্রুত প্রতিস্থাপনযোগ্য অন্যান্য সামরিক সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে নতুন পরিকল্পনায় ইরানের শাসকগোষ্ঠীর সামরিক সক্ষমতা ও অবকাঠামোর ওপর আরও ব্যাপক আঘাত হানার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘এটি বড় ধরনের অভিযান হবে।’
পরিকল্পনা সম্পর্কে অবগত বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের ধারণা, বছর শেষ হওয়ার আগেই ট্রাম্প আবার বড় পরিসরে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিতে পারেন। তাদের মধ্যে কয়েকজন মনে করেন, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর হামলা চালানোর সম্ভাবনা বেশি।

তবে ট্রাম্প এখনও সামরিক পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এর আগেও বড় ধরনের সামরিক অভিযান অনুমোদনের কাছাকাছি গিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।

এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পেন্টাগনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প পরিকল্পনা তৈরি করা প্রতিরক্ষা বিভাগের দায়িত্বের অংশ। তবে এ ধরনের পরিকল্পনা তৈরি করা মানেই প্রেসিডেন্ট হামলার নির্দেশ দিয়েছেন, এমন নয়। এদিকে ইরানে তাৎক্ষণিক সামরিক হামলার সম্ভাবনা নাকচ করেছেন ট্রাম্প। গত রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ কোনো হামলা হবে না।’

পূর্বের খবরসিএনএন প্রতিবেদন : ট্রাম্পের অনুমতি পেলেই ইরানে বড় সামরিক অভিযান, ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
পরবর্তি খবরব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!