ভিনিউজ ডেস্ক:
ভিনিউজ : ভারত ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা, সাংস্কৃতিক বন্ধন এবং ভবিষ্যৎ অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে একমত হয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মোদী জাপানের প্রধানমন্ত্রী তাকাইচিকে স্নেহভরে ‘আমার ছোট বোন’ বলে সম্বোধন করেন। তিনি বলেন, “আমার ছোট বোন প্রধানমন্ত্রী তাকাইচি, দুই দেশের প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের সদস্যদের নমস্কার, কোন্নিচিওয়া। প্রধানমন্ত্রী তাকাইচিকে তাঁর প্রথম ভারত সফরে স্বাগত জানাই।”
মোদী আরও বলেন, তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং একজন জনপ্রিয় ও দূরদর্শী নেতা। তিনি নারা প্রিফেকচারের বাসিন্দা, যা ভারত ও জাপানের অভিন্ন বৌদ্ধ ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। বক্তব্যের শেষে তিনি জাপানি ভাষায় ধন্যবাদও জানান।
মোদীর এই মন্তব্যের জবাবে হাসিমুখে সৌজন্য প্রকাশ করেন তাকাইচি। পরে নিজের বক্তব্যে তিনি বলেন, “ছোট বৈঠক এবং এই বৃহত্তর বৈঠক- উভয় ক্ষেত্রেই আমরা ভাই-বোনের মতো সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছি। ভারতে আমার প্রথম সফরে উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি বলেন, ভারত ও জাপানের মধ্যে কৌশলগত, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও সম্প্রসারণে টোকিও প্রতিশ্রুতিবদ্ধ। আঞ্চলিক স্থিতিশীলতা, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ এবং উদ্ভাবনের মতো ক্ষেত্রেও দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।
যৌথ সংবাদ সম্মেলনে মোদী জানান, আগামী বছর ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপিত হবে। এই উপলক্ষে সংস্কৃতি, পর্যটন, শিক্ষা এবং সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনে জাপানের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দিয়ে স্বাগত জানানো হয়। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীও উপস্থিত ছিলেন। পরে তাকাইচি তাঁর ভারত সফরের বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ভারত-জাপান বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
গত বছর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাকাইচির প্রথম ভারত সফর। তিনি বুধবার দিল্লিতে পৌঁছান এবং শুক্রবার পর্যন্ত ভারত সফরে থাকবেন।
উল্লেখ্য, ভারত ও জাপানের মধ্যে বার্ষিক শীর্ষ সম্মেলনের সূচনা হয় ২০০৬ সালে। গত বছরের ১৫তম সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিও সফর করেছিলেন। এবার সেই ধারাবাহিকতায় দিল্লিতে অনুষ্ঠিত হলো ১৬তম সম্মেলন, যেখানে দুই দেশ ভবিষ্যতের অংশীদারত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
– আনন্দবাজার




