জয়ন্ত আচার্য
সাংবাদিক -গবেষক
সংবাদ বিশ্লষণ
ভিনিউজ : ১৯৮৯ সালের ৯ নভেম্বর। বার্লিনের রাস্তায় হাজার হাজার মানুষের ঢল। কেউ কাঁদছেন, কেউ আনন্দে একে অপরকে জড়িয়ে ধরছেন, কেউ হাতুড়ি দিয়ে ভাঙছেন দীর্ঘ ২৮ বছর ধরে দাঁড়িয়ে থাকা কংক্রিটের দেয়াল। শীতল যুদ্ধের অন্যতম প্রধান প্রতীক বার্লিন প্রাচীরের পতন শুধু একটি সীমান্তের অবসান ছিল না, এটি ছিল বিভক্ত ইউরোপের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। পরের বছর, ১৯৯০ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে একীভূত হয় পূর্ব ও পশ্চিম জার্মানি। কিন্তু ৩৭ বছর পরও প্রশ্ন উঠছে-মানচিত্রে এক হয়ে যাওয়া জার্মানি কি সত্যিই মানুষের মন, অর্থনীতি ও রাজনীতিতে এক হতে পেরেছে?
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের পর ১৯৪৫ সালে বিজয়ী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন দেশটিকে চারটি দখলদার অঞ্চলে ভাগ করে। শীতল যুদ্ধের আদর্শিক দ্বন্দ্ব ক্রমে সেই বিভাজনকে স্থায়ী রাষ্ট্রীয় রূপ দেয়। ১৯৪৯ সালে আত্মপ্রকাশ করে পশ্চিমের গণতান্ত্রিক ও পুঁজিবাদী ফেডারেল রিপাবলিক অব জার্মানি (এফআরজি) এবং সোভিয়েত প্রভাবাধীন সমাজতান্ত্রিক জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক (জিডিআর)। বার্লিনও বিভক্ত হয়ে পড়ে। ১৯৬১ সালে পূর্ব জার্মানির সরকার পশ্চিম বার্লিনকে ঘিরে প্রাচীর নির্মাণ করে। এর ফলে পরিবার, আত্মীয়তা, কর্মসংস্থান ও স্বাভাবিক যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায়।
আশির দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়নে মিখাইল গর্বাচেভের সংস্কার, পূর্ব ইউরোপে গণতন্ত্রপন্থি আন্দোলন এবং পূর্ব জার্মানির মানুষের ক্রমবর্ধমান বিক্ষোভ পরিস্থিতি পাল্টে দেয়। লাইপজিগসহ বিভিন্ন শহরে নাগরিক আন্দোলন জোরালো হয়। অনেকে দেশ ছাড়তে চান, আবার অনেকে পূর্ব জার্মানির রাষ্ট্রব্যবস্থার সংস্কার দাবি করেন। শেষ পর্যন্ত ৯ নভেম্বর ১৯৮৯ খুলে যায় বার্লিন প্রাচীরের সীমান্ত। ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানি এক রাষ্ট্রে পরিণত হয়।
পুনরেকত্রীকরণের পর জার্মানির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পূর্বাঞ্চলের দুর্বল অর্থনীতিকে পশ্চিমের সমপর্যায়ে নিয়ে আসা। পশ্চিম জার্মানির শক্তিশালী শিল্প, পুঁজি, প্রযুক্তি ও বাজারব্যবস্থার সঙ্গে পূর্বাঞ্চলের রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতিকে যুক্ত করতে বিপুল বিনিয়োগ করা হয়। সড়ক, রেলপথ, যোগাযোগ, নগর অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন আসে। পূর্বাঞ্চলের বহু শহর নতুন করে গড়ে ওঠে। শিল্পায়ন, কর্মসংস্থান ও জীবনযাত্রার মানেও উল্লেখযোগ্য উন্নতি হয়।
আজ জার্মানি ইউরোপের বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের অন্যতম শিল্প ও প্রযুক্তিনির্ভর শক্তি। গাড়ি নির্মাণ, যন্ত্রপাতি, রাসায়নিক শিল্প, প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি ও গবেষণায় দেশটির অবস্থান গুরুত্বপূর্ণ। পুনরেকত্রীকরণের পর পূর্বাঞ্চলেও ড্রেসডেন, লাইপজিগ ও জেনার মতো শহর প্রযুক্তি, গবেষণা ও শিল্পের নতুন কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছে। অর্থাৎ একীভূত জার্মানির অগ্রযাত্রায় পূর্বাঞ্চলও ক্রমে অংশীদার হয়েছে।
তবে উন্নয়নের এই গল্পের আড়ালে রয়ে গেছে অসমতার বাস্তবতা। ২০২৫ সালে জার্মানির অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান আইডব্লিউয়ের প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী, বার্লিন বাদে পূর্ব জার্মানির পাঁচটি রাজ্যের মাথাপিছু মোট দেশজ উৎপাদন পশ্চিম জার্মানির তুলনায় প্রায় ৭২ শতাংশ। পূর্বাঞ্চলে বিনিয়োগের পরিমাণও পশ্চিমের মাথাপিছু বিনিয়োগের প্রায় ৭০ শতাংশে আটকে আছে। শ্রম উৎপাদনশীলতার ব্যবধান প্রায় ১৬ শতাংশ। অন্যদিকে জার্মানির কর্মসংস্থান গবেষণা প্রতিষ্ঠান আইএবির ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালেও পূর্বাঞ্চলের পূর্ণকালীন কর্মীদের মধ্যম বেতন পশ্চিমাঞ্চলের তুলনায় ১৪ শতাংশ কম ছিল।
অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি রয়েছে সামাজিক ও মনস্তাত্ত্বিক দূরত্ব। পূর্ব জার্মানির অনেক মানুষের মধ্যে এমন ধারণা রয়েছে যে, পুনরেকত্রীকরণের পর পশ্চিমাঞ্চলের প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের প্রভাব বেশি প্রতিষ্ঠিত হয়েছে; পূর্বাঞ্চলের মানুষ সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ জায়গায় তুলনামূলক কম সুযোগ পেয়েছেন। ২০২৪ সালের অ্যালেনসবাখ জরিপে পূর্বাঞ্চলের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ নিজেদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে অনুভব করার কথা জানিয়েছেন। ২০২৫ সালের জার্মানি মনিটর জরিপে পূর্বাঞ্চলের ৩৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, পুনরেকত্রীকরণ সামগ্রিকভাবে তাদের অঞ্চলের জন্য সুবিধার চেয়ে অসুবিধাই বেশি এনেছে।
এই অসন্তোষের রাজনৈতিক প্রতিফলনও দেখা যাচ্ছে। পূর্বাঞ্চলে চরম ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডির শক্তিশালী অবস্থান তার একটি উদাহরণ। ২০২৫ সালের জাতীয় নির্বাচনে দলটি পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ৩০ শতাংশের বেশি ভোট পেয়ে বিশেষ সাফল্য অর্জন করে। গবেষকেরা এর পেছনে রাজনৈতিক অবিশ্বাস, অভিবাসনবিরোধী মনোভাব এবং দীর্ঘদিনের বঞ্চনার অনুভূতিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তবে পূর্বাঞ্চলের সব মানুষের রাজনৈতিক অবস্থান এক নয়; অর্থনৈতিক অসন্তোষের সঙ্গে সাংস্কৃতিক ও রাজনৈতিক কারণও এখানে কাজ করছে।
সম্প্রতি ডয়চে ভেলের এক প্রতিবেদনে তিন জার্মান শিল্পীর অভিজ্ঞতায় এই দূরত্বের ভিন্ন মাত্রা উঠে এসেছে। পূর্ব বার্লিনে বেড়ে ওঠা লেখিকা লিয়া স্ট্রাইসান্ড মনে করেন, পুনরেকত্রীকরণের পরিবর্তন ছিল অত্যন্ত দ্রুত। শিল্পী আঙ্কে ফয়খটেনবার্গার মনে করেন, পূর্ব জার্মানির নাগরিক আন্দোলনের সৃজনশীল ও বিপ্লবী আকাঙ্ক্ষা ভোগবাদী সংস্কৃতি এবং জাতীয়তাবাদী প্রবণতার চাপে হারিয়ে গিয়েছিল। অন্যদিকে পশ্চিম জার্মানিতে জন্ম নেওয়া আলোকচিত্রী সায়মন মেনার মনে করেন, পূর্বাঞ্চলের অতীতকে বিষণ্ণ ও একপেশেভাবে তুলে ধরা হয়েছে; পশ্চিম জার্মানির অতীতকেও একইভাবে সমালোচনামূলক দৃষ্টিতে দেখা প্রয়োজন। তাঁর মতে, দুই অঞ্চলের ইতিহাসকে সমান গুরুত্ব দিয়ে পর্যালোচনা করাই প্রকৃত পুনর্মিলনের শর্ত।
তবে নতুন প্রজন্মের কাছে পূর্ব-পশ্চিম পরিচয়ের গুরুত্ব তুলনামূলক কমে আসছে। তাদের কাছে কর্মসংস্থান, জীবনযাত্রার ব্যয়, জলবায়ু, নিরাপত্তা ও ভবিষ্যৎই বেশি গুরুত্বপূর্ণ। এ বাস্তবতা জার্মানির জন্য আশার জায়গা।
বার্লিন প্রাচীরের পতন প্রমাণ করেছিল, মানুষের ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষা দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন ভেঙে দিতে পারে। কিন্তু রাষ্ট্রের একীভূত হওয়া আর সমাজের একীভূত হওয়া এক বিষয় নয়। জার্মানির অভিজ্ঞতা দেখাচ্ছে, অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক বিনিয়োগ ও রাজনৈতিক চুক্তি দিয়ে রাষ্ট্রকে এক করা সম্ভব; মানুষের মধ্যে আস্থা, সমমর্যাদা ও অভিন্ন ভবিষ্যতের অনুভূতি তৈরি করতে প্রয়োজন আরও দীর্ঘ সময়। প্রকৃত পুনর্মিলন তাই শুধু অতীতের দেয়াল ভাঙা নয়, বর্তমানের অদৃশ্য দেয়ালগুলোও সরিয়ে ফেলা ।




