বলিউড : ‘নাচ জানেন না’ শুনেও থামেননি ক্যাটরিনা

 

ভিনিউজ ডেস্ক: বলিউডে নাচের গানে ক্যাটরিনা কইফ এখন পরিচিত এক নাম। ‘চিকনী চমেলী’, ‘কালা চশমা’, ‘শীলা কী জওয়ানী’ থেকে শুরু করে একাধিক জনপ্রিয় গানে তাঁর নাচ দর্শকের নজর কেড়েছে। অথচ ক্যারিয়ারের শুরুর দিকে এই ক্যাটরিনাকেই বলা হয়েছিল, তিনি নাচতে পারেন না। শুধু তাই নয়, এক কোরিয়োগ্রাফার তাঁকে সরাসরি বলেছিলেন, ‘নাচে তুমি শূন্য। তোমার এসব ছেড়ে দেওয়া উচিত।’ সেই অপমানই পরবর্তী সময়ে তাঁর মধ্যে তৈরি করেছিল নিজেকে প্রমাণ করার জেদ।

সম্প্রতি কোরিয়োগ্রাফার বস্কো মার্টিসের একটি পডকাস্টে বলিউডের জনপ্রিয় কোরিয়োগ্রাফার ফরাহ খান উপস্থিত হলে উঠে আসে ক্যাটরিনার নাচের জগতের শুরুর দিনের নানা কথা। সেখানেই বস্কো জানান, কঠোর পরিশ্রম করার পরও ক্যাটরিনাকে এক কোরিয়োগ্রাফারের কাছ থেকে শুনতে হয়েছিল, নাচে তার কোনও দক্ষতা নেই। ওই মন্তব্য ক্যাটরিনার মনে গভীর প্রভাব ফেলেছিল।

বস্কোর কথায়, সেই সময়কার অপমান হয়তো ক্যাটরিনার মধ্যে এক ধরনের জেদ তৈরি করেছিল। তাকে বলা হয়েছিল, নাচ তার জন্য নয়। কিন্তু ক্যাটরিনা সেই কথাকে শেষ কথা হিসেবে মেনে নেননি। বরং নিজেকে আরও তৈরি করার চেষ্টা চালিয়ে যান। পরে বস্কো নিজেও তাঁকে উৎসাহ দেন এবং বোঝান, তিনি নাচতে পারেন, শুধু আরও অনুশীলনের প্রয়োজন।

ফরাহ খানও মনে করেন, ক্যাটরিনাকে কখনওই ‘শূন্য’ বলা যায় না। তাঁর মতে, শুরুর দিকে ক্যাটরিনার নাচের দক্ষতা হয়তো চার বা পাঁচের মধ্যে ছিল, কিন্তু ‘শীলা কী জওয়ানী’র পর তাঁর নাচের মান একেবারে অন্য পর্যায়ে পৌঁছে যায়। ফরাহ জানান, ওই গানটি খুব কম খরচে তৈরি হয়েছিল। মাত্র ১০ জন নৃত্যশিল্পী এবং ক্যাটরিনাকে নিয়েই গানটির শুটিং করা হয়েছিল। কিন্তু গানটি প্রকাশের পর সেটিই হয়ে ওঠে ক্যাটরিনার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁক।

বস্কোর মতে, ‘শীলা কী জওয়ানী’ ক্যাটরিনার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছিল। ফরাহও জানান, ওই গানের পর নাচের ক্ষেত্রে ক্যাটরিনার দ্রুত উন্নতি ঘটে। এরপর একের পর এক জনপ্রিয় নাচের গান তাঁর ক্যারিয়ারে যুক্ত হয়। ‘চিকনী চমেলী’ এবং ‘কালা চশমা’র মতো গান তাঁকে বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করে।

ক্যারিয়ারের শুরুর দিনের সেই অভিজ্ঞতার কথা আগেও জানিয়েছেন ক্যাটরিনা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাকে যখন বলা হয়েছিল তিনি নাচতে পারেন না, তখন সেই কথায় তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে, তার মনে হয়েছিল হয়তো কোনও দিনই তিনি ভালো নৃত্যশিল্পী হয়ে উঠতে পারবেন না। বস্কোর উৎসাহ ও পরামর্শ অবশ্য সেই ধারণা বদলে দেয়। বিশেষ করে ‘রেস’ ছবির ‘টাচ মি’ গানে বস্কোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তাঁর নাচের জগতে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

বর্তমানে মাতৃত্বের কারণে বড়পর্দা থেকে কিছুটা দূরে রয়েছেন ক্যাটরিনা। ২০২৫ সালের ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। তাঁর সর্বশেষ ছবি ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পায় ২০২৪ সালে। বিজয় সেতুপতির সঙ্গে অভিনীত ছবিটি প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকের প্রশংসা পায়। তবে নাচের ক্ষেত্রে ক্যাটরিনার যে যাত্রা একসময় ‘শূন্য’ মন্তব্য দিয়ে শুরু হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত তাঁকে বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী অভিনেত্রীতে পরিণত করেছে।

পূর্বের খবরবিবিসি প্রতিবেদন : ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে সাত বছর পর শি জিনপিংয়ের ভারত সফর, কতটা গুরুত্বপূর্ণ?
পরবর্তি খবর৯/১১ হামলার ঘটনা কখনো ভুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!