ভিনিউজ ডেস্ক : ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দাবি মেনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ জোশী। সিজেপি-র অন্য দাবিও মেনে নেওয়া হয়েছে। তারপরেই সোমবার সংসদে প্রশ্নফাঁস বিরোধী আইনের সংশোধন করতে চেয়ে নতুন বিল পেশ করলো নরেন্দ্র মোদী সরকার। প্রবল হইহট্টগোলের মধ্যে লোকসভায় এই বিল পেশ করা হয়। বিরোধীরা বিল পেশের সময় দাবি করে, সরকারকে আগে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে পুলিশি বাড়াবাড়ি নিয়ে বিবৃতি দিতে হবে। বিরোধী নেতা রাহুল গান্ধী ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে জানতে চেয়েছেন, তার নির্দেশেই পুলিশ বিক্ষোভে লাঠি চালিয়েছিল কিনা। বিল পেশ করার পর স্পিকার ওম বিড়লা অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি করে দেন।
প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছেন, নন্দন নন্দন নিলেকানির নেতৃত্বে একটি টাস্ক ফোর্সের ঘোষণা করেছে। তারা পরীক্ষা ব্যবস্থা ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির সংস্কারের সুপারিশ করবে।
অন্যদিকে সিজেপি নেতা অভিজিৎ দীপকে ভিডিও বার্তায় বলেছেন, তাদের আন্দোলনের এটা শেষ নয়, বরং শুরু। তবে এরপর কী নিয়ে ও কবে তারা আন্দোলনে নামবেন তা তিনি জানাননি।
কেন্দ্রীয় পার্সোনেলমন্ত্রী জিতেন্দ্র সিং এই বিল আনার কথা বলেছেন। এই বিলে প্রশ্নফাঁসের জন্য আলাদা বিচারবিভাগীয় ব্যবস্থা তৈরি ও দ্রুত মামলার নিষ্পত্তির কথা বলা হয়েছে। সব মিলিয়ে সাতটি সংশোধনী আনা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত ও বিচারের কাজ শেষ করার কথা বিলে রয়েছে।
বিলে বলা হয়েছে, একাধিক রাজ্যে প্রশ্নফাঁস হলে কেন্দ্র স্পোশাল টাস্ক ফোর্স গঠন করতে পারবে এবং তাদের দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। রাজ্য সরকারও প্রশ্নফাঁস বা পরীক্ষা সংক্রান্ত বেনিয়ম বন্ধ করতে বিশেষজ্ঞ আইন কৌঁসুলি নিয়োগ করতে পারবে। এছাড়া প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির মেয়াদও বাড়ানো হয়েছে।




