ভিনিউজ : জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দ্বিতীয়বার মা হয়েছেন তিনি। গত ১৯ সেপ্টেম্বর দীপিকা ও রণবীর সিংহের ঘর আলো করে এসেছে তাঁদের দ্বিতীয় কন্যাসন্তান। প্রথম সন্তান দুয়ার জন্মের প্রায় দুই বছর পর ফের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর জানিয়ে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছিলেন তাঁরা।
তবে মাতৃত্বের এই নতুন অভিজ্ঞতাকে শুধু নিজের পরিবার ও ব্যক্তিগত জীবনের মধ্যেই আটকে রাখতে চাইছেন না দীপিকা। জানা গেছে, মা হওয়ার শুরুর দিনগুলোর অভিজ্ঞতা থেকেই নতুন একটি উদ্যোগের ভাবনা তৈরি হয়েছে তাঁর মনে। বিষয়টি নিয়ে আপাতত নীরবে কাজ করছেন অভিনেত্রী। যদিও উদ্যোগটির প্রকৃতি বা পরিকল্পনা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই সন্তানের মা হিসেবে দীপিকার ব্যক্তিগত অভিজ্ঞতাই নতুন উদ্যোগটির অন্যতম অনুপ্রেরণা। বিশেষ করে মাতৃত্বের শুরুর সময় একজন নারীর শারীরিক ও মানসিক পরিবর্তন, মা ও শিশুর স্বাস্থ্য এবং সন্তান জন্মের পর নতুন মায়ের নানা চ্যালেঞ্জ—এসব বিষয়কে ঘিরেই ভাবনা এগোচ্ছে বলে জানা গেছে।
এই উদ্যোগের পরিকল্পনা বাস্তবায়নে দীপিকার সঙ্গে কাজ করছেন সাবিকা পাটনী। যুক্তরাষ্ট্র ও ভারত-দুই দেশেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। স্বাস্থ্য পরিষেবা ও ভোগ্যপণ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন সাবিকা। সাম্প্রতিক সময়ে নারীর স্বাস্থ্য এবং মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে কাজ করাও তাঁর পেশাগত কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ফলে দীপিকার নতুন ভাবনাকে বাস্তবে রূপ দিতে সাবিকার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
মাতৃত্ব এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রাখার বিষয়টি দীপিকার কাছে নতুন নয়। এর আগে একাধিকবার এ নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি। পরিবার বড় হলেও পেশাগত ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে নেননি অভিনেত্রী। এমনকি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকার সময়ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে গেছেন তিনি।

দীপিকার কাজের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র মানসিক স্বাস্থ্য। নিজের জীবনে অবসাদ ও উদ্বেগের অভিজ্ঞতার কথা ২০১৫ সালে প্রকাশ্যে জানিয়েছিলেন অভিনেত্রী। এরপর মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে সামাজিক সচেতনতার কাজে ব্যবহার করার সেই ধারাবাহিকতায় এবার মাতৃত্বের অভিজ্ঞতাকেও নতুন উদ্যোগের মাধ্যমে সামনে আনতে চাইছেন তিনি।
দ্বিতীয়বার মা হলেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা নেই দীপিকার। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে অভিনয় করছেন তিনি। চলতি বছরেই ছবিটি মুক্তির কথা রয়েছে। পাশাপাশি অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ ছবিতেও দেখা যাবে তাঁকে।
সব মিলিয়ে, ব্যক্তিগত জীবনের নতুন অভিজ্ঞতা এবার দীপিকার পেশাগত ও সামাজিক উদ্যোগেরও অংশ হয়ে উঠতে চলেছে। দুই কন্যার মা হিসেবে মাতৃত্বের বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি কী ধরনের উদ্যোগ সামনে আনেন, এখন সেটিই দেখার অপেক্ষা।




