কাস্পিয়ান সাগরে মার্কিন ‘টাস্ক ফোর্স’ মোকাবিলায় ইরান-রাশিয়ার আলোচনা

ইরানে স্থলপথে বাণিজ্য এবং কাস্পিয়ান সাগর দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করেছেন ইরান ও রাশিয়ার কর্মকর্তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ আলোচনা হয়।

ইরানে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে দেশটির সঙ্গে রাশিয়ার বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে কাস্পিয়ান সাগর। স্থলবেষ্টিত এই সাগর ইরানের উত্তর সীমান্তে, রাজধানী তেহরান থেকে মাত্র ৮০ মাইল দূরে অবস্থিত। একই সঙ্গে এটি রাশিয়ার দক্ষিণ-পূর্ব সীমান্তের সঙ্গে যুক্ত। ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহনের সরাসরি পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে কাস্পিয়ান সাগর।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘কাস্পিয়ান সাগর-সংক্রান্ত বিভিন্ন বিষয়, যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ এবং আয়রন গেট পরিকল্পনা কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘সাধারণ হুমকির মুখে তেহরান ও মস্কো সমন্বয় ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী দেশগুলোর স্বার্থও এই সাগরের স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার মাধ্যমে সুরক্ষিত হবে।’

আয়রন গেট টাস্ক ফোর্সের সক্ষমতা ও কার্যপরিধি এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ফ্লোরিডায় অবস্থান করে প্রায় ২০ জন বেসামরিক ও সামরিক সদস্য নিয়ে এটি কাজ করবে।

এই টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়ে সেন্টকম একে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের সঙ্গে তুলনা করেছে।

সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, ‘টাস্ক ফোর্স আয়রন গেট গঠন সমুদ্রে ইরানের বিরুদ্ধে আমাদের কঠোর অবরোধের সাফল্যকে আরও জোরদার করবে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সেন্টকমের সহযোগিতা বাড়ানোর ফলে সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত পুনরায় পূরণ করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও সীমিত হবে।

পূর্বের খবরকপ ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পরবর্তি খবরমোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!