আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। বালিতে হওয়া আইসিসির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নিয়োগ পেয়েছেন তিনি। তাঁর নেতৃত্বের ওপর আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আইসিসির বোর্ড ও কমিটির সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে জয় শাহর পুনর্নিয়োগ চূড়ান্ত হয়। ক্রিকেটের বৈশ্বিক বিস্তার, সমর্থকগোষ্ঠী বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর নেতৃত্বের ওপর আস্থা রেখেছে বোর্ড।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ। তাঁর কাছে চেয়ারম্যানের দায়িত্ব পালন একই সঙ্গে সম্মান ও বড় দায়িত্বের বিষয়।

আইসিসির এক বিবৃতিতে জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। প্রত্যেক পরিচালকের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যাওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রত্যাবর্তনকে বড় সুযোগ হিসেবে দেখছেন জয় শাহ। তাঁর মতে, অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন দর্শকদের কাছে খেলাটিকে পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করবে।

জয় শাহ মনে করেন, শুধু সফল টুর্নামেন্ট আয়োজন করাই আইসিসির দায়িত্ব নয়। খেলোয়াড়, সমর্থক, বাণিজ্যিক অংশীদারসহ সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নিয়ে ক্রিকেটের জন্য শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘আমরা আমাদের খেলাটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ তৈরি করেছে। সফল আয়োজন নিশ্চিত করার বাইরেও আমাদের দায়িত্ব রয়েছে। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষকে গুরুত্ব দিয়ে খেলাটির জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’

ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি হিসেবে মানুষকে একত্রিত করার ক্ষমতার কথা উল্লেখ করেছেন জয় শাহ। বোর্ড ও সদস্য দেশগুলোর সহযোগিতায় পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব রেখে যেতে চান তিনি।

এ প্রসঙ্গে জয় শাহ আরও বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, মানুষকে একত্রিত করার ক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও সদস্য দেশগুলোর সমর্থন নিয়ে আমাদের লক্ষ্য হবে পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়া এবং এমন অগ্রগতি নিশ্চিত করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে।’

পূর্বের খবরগাজীপুরে ১৮ প্লাটুন বিজিবি-আনসার ও ৮ পেট্রোল এসআরবি মোতায়েন
পরবর্তি খবরনতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!