ভিনিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে সমর্থন করে, আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনীতিবিদ সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। সেই রাষ্ট্র নির্মাণের পূর্ব অভিজ্ঞতা আমাদের রয়েছে- এমনটাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শুরুতেই মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন অত্যান্ত অসুস্থ৷ হাসপাতালে আছেন তিনি। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাবেন। তার জন্য সবাই দোয়া করবেন, দ্রুত যেনো তিনি সুস্থ হয়ে ফিরে আসেন।
রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিগত স্বৈরাচারের আমলে অনেক আত্মত্যাগ, চড়াই-উতরাই পার করে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কমিশন গঠন হয়, যে কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সনদে স্বাক্ষর করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশে সুযোগ সৃষ্টি হয়েছে একটি নির্বাচনের। বর্তমান সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় ঘোষণা করেছে, তাতে আশাবাদী বিএনপি। যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ তার মতামত দিয়ে তাদের সংসদ নির্বাচন করবে।
এ সময় তিনি বলেন, রেজা কিবরিয়া তার এলাকা শুধু নয়, সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করবে। তার মেধা দক্ষতা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে সহায়তা করবেন।




