সংসদের তৃতীয় অধিবেশন বসছে কাল: সমঝোতা না হলে ১৩ স্থায়ী কমিটির সভাপতি পদ হারাতে পারে বিরোধী দল

 

ভিনিউজ ডেস্ক : সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে অংশ না নেওয়ায় সংসদের ১৩টি স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে বঞ্চিত হতে পারে বিরোধী দল। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনেই এসব কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, আগের সংসদগুলোর রেওয়াজ অনুসরণ করেই এবারও সংসদীয় কমিটি গঠন করা হবে।

জুলাই সনদের ২৪ নম্বর সুপারিশ অনুযায়ী, সরকারি হিসাব, বিশেষ অধিকার, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি পদে বিরোধীদলীয় সদস্যদের দায়িত্ব দেওয়ার কথা। পাশাপাশি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদও সংসদে বিরোধী দলের আসনসংখ্যার অনুপাতে দেওয়ার কথা রয়েছে। সে হিসাবে ৯০টি আসন পাওয়া বিরোধী দলের আরও ১০টি সভাপতির পদ পাওয়ার কথা। এর মধ্যে গত দুই অধিবেশনে গঠিত ১৫টি স্থায়ী কমিটির একটি-সরকারি হিসাব কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার ক্ষেত্রে সরকার অনানুষ্ঠানিকভাবে শর্ত দিয়েছে-সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিলেই এসব পদ দেওয়া হবে। তবে বর্তমান পরিস্থিতিতে ওই কমিটিতে অংশ নেওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি শর্তারোপের অভিযোগ অস্বীকার করে বলেছেন, সংসদীয় কার্যক্রম রেওয়াজ অনুযায়ী পরিচালিত হচ্ছে। তাঁর দাবি, জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দল আন্তরিকতা দেখালে সরকারও সহযোগিতার হাত বাড়াতে পারে।

সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে, কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রথম তিন অধিবেশনের মধ্যে ৫০টি সংসদীয় কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। এরই মধ্যে দুটি অধিবেশনে ১৫টি কমিটি গঠন হয়েছে। বাকি ৩৫টি কমিটি তৃতীয় অধিবেশনে গঠন করতে হবে। মোট ৫০টি কমিটির মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক।

এদিকে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে শুরু হতে যাওয়া এবারের অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি বৃহস্পতিবার দুপুর ২টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে। সংসদ সচিবালয় সূত্রের ধারণা, অধিবেশন ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে।

তবে সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ বিভিন্ন জাতীয় ইস্যুতে সংসদে সরব থাকার প্রস্তুতি নিয়েছে বিরোধী দল। বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে নোটিশ দেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, সম্পত্তি হস্তান্তর এবং ব্যাংক রেজ্যুলেশন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিলও এ অধিবেশনে উঠতে পারে। এসব বিলের কয়েকটি চলতি অধিবেশনেই পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপিদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে কমিটির সভাপতি পদসহ অধিবেশনে বিরোধী দলের কৌশল ও সংসদীয় ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।

পূর্বের খবরযুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!