ভিনিউজ ডেস্ক : আশির দশকে বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবী। পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করেছিল, তেমনি পর্দার বাইরেও তাদের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। এমনকি তাদের গোপনে বিয়ে করার খবরও একসময় ছড়িয়ে পড়েছিল। দীর্ঘদিনের সেই পুরনো গুঞ্জন আবারও আলোচনায় এসেছে এক পরিচালকের মন্তব্যে।
চিত্রগ্রাহক ও পরিচালক লরেন্স ডি’সুজা সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠুন ও শ্রীদেবীর সম্পর্ক নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘গৈর কানুনি’ ছবিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছিলেন তিনি। তাঁর দাবি, ওই ছবির শুটিংয়ের সময় মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতা নিজের চোখে দেখেছেন।
লরেন্সের স্মৃতিচারণ অনুযায়ী, শ্রীদেবী যখন শুটিংয়ে ব্যস্ত থাকতেন, তখন প্রায়ই সেটে চলে আসতেন মিঠুন। কখনও শুটিংয়ের শেষ দিকে, আবার কখনও অন্য সময়ে অভিনেত্রীর মেকআপ রুমে গিয়ে অপেক্ষা করতেন তিনি। শুধু তাই নয়, শুটিং চলাকালীন মিঠুন একাধিকবার শ্রীদেবীকে ফোনও করতেন। ফোন এলে শ্রীদেবী শুটিংয়ের জায়গা থেকে সরে গিয়ে কথা বলতেন। কথা শেষ করে আবার ফিরে এসে কাজে যোগ দিতেন।
পরিচালক বলেন, বলিউডের অন্দরমহলে তাঁদের সম্পর্ক নিয়ে তখন অনেক আলোচনা ছিল। তাঁর ভাষায়, সবাই জানতেন তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তবে তিনি নিজে শুটিংয়ের সেটে যা দেখেছেন, শুধু সেটুকুই বলতে চান। মিঠুন বিবাহিত থাকা সত্ত্বেও শ্রীদেবীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সেই সময়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।
উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী তখন অভিনেত্রী যোগিতা বালীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। অন্যদিকে, শ্রীদেবী ১৯৯৬ সালে চলচ্চিত্র প্রযোজক বনি কপূরকে বিয়ে করেন। তাঁদের দুই মেয়ে জাহ্নবী ও খুশি কপূর।
সাক্ষাৎকারে শ্রীদেবীর ব্যক্তিত্ব নিয়েও কথা বলেছেন লরেন্স ডি’সুজা। তাঁর স্মৃতিতে, শ্রীদেবী ছিলেন অত্যন্ত শান্ত, অন্তর্মুখী ও নিজের কাজের প্রতি নিবেদিত এক অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকে অন্যদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না। বরং একা থাকতে পছন্দ করতেন। কাজের ক্ষেত্রে তাঁর নিষ্ঠা ও পেশাদারত্ব ছিল চোখে পড়ার মতো।
মিঠুন ও শ্রীদেবী একসঙ্গে ‘জাগ উঠা ইনসান’, ‘ওয়াক্ত কি আওয়াজ’ ও ‘গুরু’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। আশির দশকে তাঁদের জুটি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। পর্দার সেই জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জনও দীর্ঘদিন ধরে বলিউডের আলোচিত অধ্যায় হয়ে রয়েছে।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে আকস্মিকভাবে প্রয়াত হন শ্রীদেবী। তাঁর মৃত্যুর প্রায় আট বছর পরও অভিনেত্রীর জীবন, অভিনয় ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা স্মৃতিচারণ ও আলোচনা ফিরে আসে ।




