শরণার্থী শিবির থেকে বলিউডে: কঠিন সংগ্রামের গল্প শোনালেন ইরানি অভিনেত্রী এলনাজ় নোরৌজ়ী

 

বিনোদন ডেস্ক

ভিনিউজ : ইরানের তেহরান শহরের ছোট্ট এক বাসা থেকে শুরু হয়েছিল তাঁর জীবন। পরে পরিবারসহ দেশ ছাড়তে বাধ্য হন তিনি। আশ্রয় নিতে হয় জার্মানির শরণার্থী শিবিরে। সেখানে দিনের পর দিন কাটে অনিশ্চয়তা, অভাব আর মানবেতর পরিস্থিতির মধ্যে। সেই কঠিন সময় পেরিয়ে আজ বলিউডে পরিচিত মুখ ইরানি অভিনেত্রী এলনাজ় নোরৌজ়ী।

সম্প্রতি বলিউড নির্মাতা ফারাহ খান–এর এক অনুষ্ঠানে নিজের জীবনের সংগ্রামের গল্প তুলে ধরেন এলনাজ়। সেখানে তিনি জানান, কীভাবে শরণার্থী শিবিরের কষ্টের জীবন থেকে উঠে এসে আজ তিনি মুম্বাইয়ে নিজের বিলাসবহুল বাসস্থান গড়ে তুলেছেন।

এলনাজ় জানান, শৈশবে তিনি পরিবারের সঙ্গে তেহরানের একটি ছোট বাসায় থাকতেন। পরে রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তার কারণে পরিবারটি জার্মানিতে চলে যায়। তবে সেখানে গিয়ে নতুন সংকটের মুখে পড়তে হয় তাঁদের। শরণার্থী হিসেবে একটি ক্যাম্পে থাকতে হয়েছিল পুরো পরিবারকে।

অভিনেত্রীর ভাষ্য, তখন তাঁদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র ছিল না। ছোট্ট একটি ঘরে গাদাগাদি করে থাকতে হতো পরিবারের সবাইকে। রান্নাঘর ও শৌচাগার ব্যবহার করতে হতো অন্য পরিবারের সঙ্গে ভাগাভাগি করে।

সেই সময়ের স্মৃতি তুলে ধরে এলনাজ় বলেন, “খাবারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। কখনো একটি আলু আর একটি ডিমই ছিল পুরো দিনের খাবার। তখন সেটুকুই অনেক মনে হতো।”

তিনি আরও বলেন, “মানুষ ভাবত আমরা খুব ধনী পরিবার থেকে এসেছি। কিন্তু বাস্তবে আমাদের জীবন ছিল খুবই সাধারণ। শরণার্থী শিবিরের সেই জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমরা শূন্য থেকে জীবন শুরু করেছি।”
সংগ্রামের মধ্যেও পড়াশোনা চালিয়ে যান এলনাজ়। তিনি জানান, জার্মানিতে পড়াশোনায়ও বেশ ভালো ছিলেন এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অন্যতম ছিলেন। পরে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি।
গত এক দশক ধরে ভারতে বসবাস করছেন এলনাজ়। ২০১৮ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ওয়েব সিরিজ Sacred Games–এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। বর্তমানে বলিউডের বিভিন্ন প্রকল্পে কাজ করছেন এই অভিনেত্রী।
-আনন্দবাজার

পূর্বের খবরআলজাজিরার প্রতিবেদন: বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা
পরবর্তি খবরসিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮