রোমের মেট্রো স্টেশনেই ইতিহাসের বিস্ময়! মাটির নিচে মিলছে প্রাচীন সাম্রাজ্যের হারানো শহর

 

ভিনিউজ ডেস্ক : ইতিহাসের শহর রোম। এর প্রতিটি পথ, স্থাপনা কিংবা প্রাচীন ধ্বংসাবশেষের সঙ্গে জড়িয়ে আছে কয়েক হাজার বছরের সভ্যতার স্মৃতি। কিন্তু শহরটির ইতিহাস এখন আর শুধু জাদুঘর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিংবা ঐতিহাসিক স্থাপনার মধ্যে সীমাবদ্ধ নেই। রোমের নতুন মেট্রোরেল স্টেশনগুলোই হয়ে উঠেছে প্রাচীন রোমান সভ্যতা আবিষ্কারের এক অভিনব জানালা। মাটির প্রায় ২৭ মিটার গভীরে নেমে যাত্রীরা এখন ট্রেন ধরার পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রাচীন স্নানাগার, পানির কূপ, মুদ্রা, মৃৎপাত্র, বাড়িঘর ও সামরিক ব্যারাকের ধ্বংসাবশেষ।

রোমের মেট্রো সি (Metro C) সম্প্রসারণের কাজ করতে গিয়ে প্রত্নতাত্ত্বিকেরা আবিষ্কার করেছেন অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। এসব আবিষ্কারকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে কয়েকটি মেট্রো স্টেশনকে রূপ দেওয়া হয়েছে বিশেষ প্রত্নতাত্ত্বিক প্রদর্শনকেন্দ্রে। এগুলো পরিচিতি পেয়েছে ‘আর্কিও-স্টেশন’ নামে। অর্থাৎ একদিকে আধুনিক গণপরিবহন, অন্যদিকে ইতিহাসের জীবন্ত জাদুঘর।

২০২৫ সালের ডিসেম্বরে চালু হওয়া কলোসেও-ফোরি ইম্পেরিয়ালি স্টেশন তার অন্যতম উদাহরণ। রোমের বিখ্যাত কলোসিয়ামের কাছেই অবস্থিত এই স্টেশনে প্রবেশ করতে দর্শনার্থীদের আলাদা কোনো জাদুঘরের টিকিট কিনতে হয় না। মাত্র ১.৫০ ইউরোর মেট্রো টিকিটেই দেখা যায় প্রাচীন রোমের বিস্ময়কর সব নিদর্শন। স্টেশনের ভেতরে কাচের প্রদর্শনীর মধ্যে রাখা হয়েছে প্রাচীন মৃৎপাত্র, মুদ্রা, ভাস্কর্যের অংশ এবং একটি রোমান স্নানাগারের অবশিষ্টাংশ।

রোমে মেট্রো নির্মাণ অন্য শহরের তুলনায় অনেক বেশি জটিল। কারণ, শহরটির বর্তমান স্থাপনার নিচে চাপা পড়ে আছে প্রায় তিন হাজার বছরের ইতিহাস। অন্য শহরে মেট্রো নির্মাণের সময় প্রকৌশলীরা সাধারণত মাটির গভীরে খননকাজ চালিয়ে যান। কিন্তু রোমে প্রতিবার মাটি খুঁড়লেই প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কারের সম্ভাবনা থাকে। ফলে নির্মাণকাজের পাশাপাশি চালাতে হয় দীর্ঘ প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান। অনেক সময় নতুন আবিষ্কারের কারণে প্রকল্পের নকশা পরিবর্তন, নির্মাণকাজ স্থগিত কিংবা নতুন পথ নির্ধারণ করতে হয়।

এই জটিলতার কারণে ২০১৪ সাল পর্যন্ত ১ হাজার ২৮৫ বর্গকিলোমিটার আয়তনের রোমে প্রধান মেট্রো লাইন ছিল মাত্র দুটি-মেট্রো এ ও মেট্রো বি। মেট্রো সি নির্মাণের কাজ চলছে প্রায় দুই দশক ধরে। শহরের ঐতিহাসিক কেন্দ্রের দিকে এগোতে গিয়ে প্রত্নতাত্ত্বিকেরা আবিষ্কার করেছেন প্রাচীন পানির কূপ, কৃষিখামার, সামরিক ব্যারাক, ১৬ কক্ষের একটি বাড়ি এবং মুদ্রা, অলংকার ও মৃৎপাত্রসহ পাঁচ লাখের বেশি ছোট-বড় প্রত্নবস্তু। এসব নিদর্শনের বেশির ভাগের সময়কাল খ্রিষ্টপূর্ব সপ্তম শতক থেকে খ্রিষ্টীয় পঞ্চম শতকের মধ্যে।

মেট্রো সি প্রকল্পের প্রথম প্রত্নতাত্ত্বিক স্টেশন সান জিওভান্নি চালু হয় ২০১৮ সালে। এখানে মাটির ২৭ মিটার গভীরতা পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক স্তর দেয়ালে চিত্র ও সময়রেখার মাধ্যমে তুলে ধরা হয়েছে। আধুনিক রোম থেকে মধ্যযুগ, রোমান সাম্রাজ্য, প্রজাতন্ত্র এবং আরও প্রাচীন মানববসতির সময়কাল সবকিছুর ধারাবাহিকতা দেখতে দেখতে দর্শনার্থীরা নিচের দিকে নামতে পারেন। প্রতিটি স্তরে পাওয়া নিদর্শন রাখা হয়েছে সংশ্লিষ্ট ভূস্তরের সঙ্গে মিলিয়ে।

স্টেশনটির একটি প্রদর্শনীতে রয়েছে প্রাচীন পানির সরবরাহ ও কৃষিকাজের সঙ্গে যুক্ত মাটির এবং সিসার পাইপ, তৃতীয় শতকের ব্রোঞ্জের মুদ্রা, মার্বেলের অলংকৃত ফলক এবং কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। ভিডিওচিত্রে দেখানো হয়েছে, খ্রিষ্টীয় প্রথম শতকে এই এলাকায় একসময় পিচ ফলের বাগান ছিল। অর্থাৎ আজকের ব্যস্ত নগরজীবনের নিচে একসময় কীভাবে মানুষের বসতি, কৃষি ও দৈনন্দিন জীবন গড়ে উঠেছিল, তারও প্রমাণ মিলছে।

তবে কলোসেও-ফোরি ইম্পেরিয়ালি স্টেশনের সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন একটি প্রাচীন রোমান স্নানাগার। সেখানে রয়েছে ঠান্ডা পানিতে অবগাহনের পুকুর এবং ঘাম ঝরানোর বিশেষ কক্ষ। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এটি রোমান সাম্রাজ্য যুগের একটি আবাসিক স্থাপনার অংশ ছিল। ৬৪ খ্রিষ্টাব্দে সম্রাট নিরোর আমলে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থাপনাটি ধ্বংস হয়েছিল বলে মনে করা হয়। স্নানাগারের পানির প্রবাহ ও ব্যবস্থাপনার কাঠামো এখনো স্পষ্টভাবে দেখা যায়।

মেট্রো সি লাইনের আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন পোর্তা মেট্রোনিয়া। ২০২৫ সালের ডিসেম্বরে এটি চালু হলেও নির্মাণকাজের সময় আবিষ্কৃত হয়েছিল দ্বিতীয় শতকের বিশাল রোমান সামরিক ব্যারাক। সেখানে পাওয়া যায় একাধিক কক্ষবিশিষ্ট একটি আবাসিক স্থাপনা, যার দেয়ালে ছিল রঙিন চিত্রকর্ম ও মোজাইক। ধারণা করা হচ্ছে, এটি সামরিক ব্যারাকের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের বাসভবন ছিল। আবিষ্কারটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ধ্বংসাবশেষ সংরক্ষণের জন্য প্রকৌশলীদের স্টেশনের নকশাই পরিবর্তন করতে হয়। প্রাচীন স্থাপনাগুলো সতর্কতার সঙ্গে খুলে সরিয়ে সংরক্ষণ করার পর আবার স্টেশনের ভেতরে স্থাপন করা হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিকদের আশা, ২০২৬ সালের জুনে পোর্তা মেট্রোনিয়ায় পূর্ণাঙ্গ প্রত্নতাত্ত্বিক প্রদর্শনকেন্দ্র চালু করা সম্ভব হবে। তখন সাধারণ মানুষ আরও বিস্তৃতভাবে রোমান সামরিক জীবনের ইতিহাস দেখার সুযোগ পাবেন।

আধুনিক নগরায়ণ ও ঐতিহ্য সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে রোমের এই উদ্যোগ। অবশ্য এর আর্থিক মূল্যও কম নয়। শহরের ঐতিহাসিক কেন্দ্রের মধ্য দিয়ে মেট্রো সি নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০০ কোটি ইউরো।

রোমের এই মেট্রো প্রকল্প দেখিয়ে দিচ্ছে, নগর উন্নয়ন মানেই অতীতকে মুছে ফেলা নয়। বরং পরিকল্পনা, প্রযুক্তি ও প্রত্নতাত্ত্বিক সংরক্ষণের সমন্বয়ে আধুনিক শহরের ভেতরেই ইতিহাসকে জীবন্ত রাখা সম্ভব। রোমে এখন মানুষ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মেট্রোতে উঠছেন না, তাঁরা প্রতিদিনের যাত্রাপথেই ফিরে যাচ্ছেন কয়েক হাজার বছরের অতীতে।

-bbc

পূর্বের খবরএরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পরবর্তি খবররাজাকার-আলবদরদের তালিকা করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!