রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান, আসবে আরও একটি

 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ভিনিউজ : রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। তবে রাশিয়া থেকে পাঠানো ইউরেনিয়াম পরিবহনের একটি ফ্লাইট না পৌঁছানোয় আরও একটি চালান আসার অপেক্ষায় রয়েছে। দশম চালান পৌঁছালে পারমাণবিক জ্বালানি আমদানির নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হবে।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সর্বশেষ চালানটি প্রকল্প এলাকায় পৌঁছায়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে পারমাণবিক জ্বালানি আনার পরিকল্পনা ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল।

শুক্রবার সর্বশেষ চালান পৌঁছানোর কথা থাকলেও রাশিয়া থেকে পাঠানো ইউরেনিয়াম পরিবহনের একটি ফ্লাইট মিসিং হওয়ায় আরও একটি চালান আসবে। রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দশম চালান পৌঁছালে ইউরেনিয়াম আমদানির নির্ধারিত প্রক্রিয়া শেষ হবে।

এদিকে পারমাণবিক জ্বালানি আমদানির পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রমও এগিয়ে চলছে। গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

এরপর গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানোর কথা জানানো হয়েছে।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে শুরু হয়েছে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরীক্ষা চলবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

 

পূর্বের খবরস্পেনে অভিবাসন সংকট: ক্যানারি দ্বীপপুঞ্জে এক দিনে ২১০০ জনের রেকর্ড আগমন, দেশটিতে বিদেশি নাগরিক ৭২ লাখের বেশি
পরবর্তি খবরঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!