রাজাকার-আলবদরদের তালিকা করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

 

ভিনিউজ ডেস্ক : একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময়কার রাজাকার, আলবদর, আল শামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করবে সরকার। বর্তমানে শহীদদের তালিকা প্রস্তুত ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ পর্যন্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করে ৬ হাজার ৪৭৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে। বর্তমানে দেশে ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ ছয় হাজার ৫৩৬ জন।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এসব তথ্য জানান।

নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। রাজাকার, আলবদর, আল শামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।

মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করার বিষয়ে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ জন্য সুশীল সমাজ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ইতোমধ্যে একাধিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরও বৈঠক ও সভার আয়োজন করে সেসব সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা প্রণয়নের কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে। এর মাধ্যমে নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।

একই বিষয়ে সংসদ সদস্য মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নের কৌশল নির্ধারণে গোলটেবিল বৈঠক করা হয়েছে। আরও সভা করে সুপারিশের ভিত্তিতে তালিকা তৈরির কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, বর্তমানে দেশে ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬ জন। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে এ পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল করা হয়েছে।

মন্ত্রী বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে কাউকে অমুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করে অভিযোগ পাওয়া গেলে জামুকার সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি তদন্ত ও শুনানির মাধ্যমে তা যাচাই-বাছাই করে। অভিযোগ প্রমাণিত হলে গেজেট বাতিলের সুপারিশ করা হয়। জামুকার সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় গেজেট বাতিল করে। অভিযোগ পাওয়ার পর তদন্ত ও শুনানি জামুকার নিয়মিত কাজ এবং এটি চলমান প্রক্রিয়া।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতায় নতুন একটি প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে আরও ২৫ হাজার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য আবাসন বরাদ্দ দেওয়া সম্ভব হবে।

মন্ত্রী বলেন, আগের পর্যায়ে জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ ধরনের সমস্যা এড়াতে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এতে সঠিক জমিতে বাড়ি নির্মাণ এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা যাবে।

নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীরা উপজেলা পর্যায়ের হাসপাতালে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ের হাসপাতালে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে ৩০ হাজার টাকা চিকিৎসা সহায়তা পাবেন। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় বছরে সর্বোচ্চ এক লাখ এবং জটিল রোগের চিকিৎসায় পাঁচ লাখ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী বা স্বামীর চিকিৎসার ক্ষেত্রে উপজেলা পর্যায়ে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় সর্বোচ্চ ৫০ হাজার এবং জটিল রোগের চিকিৎসায় দুই লাখ টাকা পর্যন্ত সুবিধা রয়েছে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা ও সামাজিক নিরাপত্তা সুবিধা আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

এদিকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হয়েছে। সেখানে গ্রন্থাগারের ব্যবস্থাও রয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব জাদুঘর স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

-কালবেলা

পূর্বের খবররোমের মেট্রো স্টেশনেই ইতিহাসের বিস্ময়! মাটির নিচে মিলছে প্রাচীন সাম্রাজ্যের হারানো শহর
পরবর্তি খবর‘এই জীবনে কেউ আমাদের আলাদা করতে পারবে না’- গোবিন্দের সঙ্গে ফের সংসার গড়ার আশায় স্ত্রী সুনীতা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!