ভিনিউজ : ইসরায়েলি বিমান হামলায় শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে শিশু ও নারীসহ অন্তত ১১ জন মারা গেছেন৷ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে অভিযোগ এনে নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম৷
তবে ইসরায়েল বলেছে, হেজবোল্লাহর স্থাপনা ও অবকাঠামোই ছিল তাদের লক্ষ্য৷ প্রায় দুই মাস আগে ইসরায়েল-হেজবোল্লাহ যুদ্ধবিরতির পর এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা৷ ইরান-সমর্থিত হেজবোল্লাহ হামলার কড়া সমালোচনা করেছে এবং ইসরায়েলের সঙ্গে ‘অপমানজনক’ শান্তি আলোচনা বন্ধের দাবি জানিয়েছে৷
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আনসার গ্রামের কাছে একটি হামলায় সাতজন নিহত ও দুইজন আহত হয়েছেন৷ নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী ছিলেন৷ শনিবার সূর্যোদয়ের সময় চালানো এই হামলায় ওই এলাকার একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ ৷ জার্মান সংবাদ সংস্থা ডিপিএ স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলেছে, ওই বাড়িটিকে হেজবোল্লাহর একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো ।
দ্বিতীয় হামলাটি করা হয়েছে দেইর আল-জাহরানি গ্রামে৷ এতে চারজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন৷ ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে হেজবোল্লাহর স্থাপনায় হামলার কথা স্বীকার করেছে৷ তাদের দাবি, হেজবোল্লাহর হামলার জবাব দিতেই পাল্টা হামলা চালানো হয়েছে৷ এই হামলার ‘যথাযথ’ জবাব দেওয়া হবে বলেও পাল্টা হুমকি দিয়েছে হেজবোল্লাহ৷




