প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ে সেরে ফেললেন ম্রুণাল-ধনুষ?

 

 

ভিনিউজ ডেস্ক : ধনুষ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে সম্প্রতি প্রেমের গুঞ্জন তুঙ্গে। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয় যে, ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি নাকি বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি। যদিও ম্রুণালের ঘনিষ্ঠ সূত্র সেই খবরকে আগেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে একটি ভাইরাল ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওয় দেখা যায়, দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ে করছেন ধনুষ ও ম্রুণাল। বিয়ের আসরে উপস্থিত রয়েছেন তৃষা, শ্রুতি হাসান, অনিরুদ্ধ রবিচন্দর, অজিত কুমার, দুলকের সালমান এবং থালাপতি বিজয়ের মতো তারকারা। প্রথম নজরে ভিডিওটি একেবারে বাস্তব বিয়ের দৃশ্য বলেই মনে হয়। তবে পরে জানা যায়, এটি সম্পূর্ণই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি একটি ভুয়ো ভিডিও।

 

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা প্রতিক্রিয়া। একজন লিখেছেন, ‘এআই দিয়ে ভালই করেছেন… তবে এই তারিখে অজিত দুবাইয়ে ছিলেন।’ আরেকজনের মন্তব্য, ‘বিয়ে হলেও মন্দ নয়… দেখুন বিজয়-অজিত কীভাবে পিছনে দাঁড়িয়ে আছেন।’ কেউ কেউ আবার মজার ছলে লেখেন, ‘ধনুষ নিজেই যেন অবাক!’

 

এদিকে আগেই ম্রুণালের ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিল, ফেব্রুয়ারিতে তাঁর বিয়ের কোনও পরিকল্পনাই নেই। সূত্রের কথায়, “ম্রুণালের ফেব্রুয়ারিতে একটি ছবির মুক্তি রয়েছে। এত কাছাকাছি সময়ে বিয়ে করার প্রশ্নই ওঠে না। মার্চ মাসেও তাঁর আরও একটি তেলুগু ছবির মুক্তি নির্ধারিত।”

ম্রুণালের ঝুলিতে রয়েছে একাধিক ছবি। যেমন ‘দো দিওয়ানে শহর মে’, ‘ডাকোয়েট: আ লাভ স্টোরি’, ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, ‘পূজা মেরি জান’। শোনা যাচ্ছে, আল্লু অর্জুন-অ্যাটলি জুটির ছবিতেও তাঁকে দেখা যেতে পারে। অন্য দিকে, ধনুষকে পরবর্তী বার দেখা যাবে বিঘ্নেশ রাজা পরিচালিত ছবি ‘কারা’তে।

জল্পনার সূত্রপাত হয় গত বছরের অগস্ট মাসে। ম্রুণালের একটি ছবির প্রিমিয়ারে ধনুষ উপস্থিত হলে তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানাতে দেখা যায় অভিনেত্রীকে। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় নতুন করে আলোচনা। অনেকেই মনে করেন, ম্রুণালের পাশে থাকতেই বিশেষভাবে ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ধনুষ।

তবে আপাতত নিশ্চিতভাবে বলা যায়, বিয়ের খবর এখনই সত্যি নয়। দু’জনেই আপাতত নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তাই অনুরাগীদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

ধনুষের ব্যক্তিগত জীবন আগেও বিনোদন দুনিয়ার শিরোনামে এসেছে। রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর অভিনেতা ধনুষ পুরোপুরি নিজেকে কাজে নিয়োজিত করেছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেননি। অন্য দিকে, ম্রুণালও সবসময় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চুপচাপ থাকতে পছন্দ করেন। একের পর এক সফল ছবির মাধ্যমে তিনি বলিউডে নিজের দৃঢ় অবস্থান তৈরি করেছেন। তাই হঠাৎ করেই তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ায় অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে পৌঁছেছে।

পূর্বের খবরফেব্রুয়ারিতে নির্বাচন: নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিল যুক্তরাজ্য
পরবর্তি খবরতারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!