প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি : আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়

ভিনিউজ : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনকে গণপরিষদ নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছে। দলটির নেতারা বলেছেন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হলে গণপরিষদ নির্বাচন জরুরি।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বৈঠক শেষে আরিফুল ইসলাম বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক স্বীকৃতির জন্য আসন্ন নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। এর মাধ্যমে ৫৫ বছরের সংকট ও ব্যক্তি কেন্দ্রিক শাসনের স্থায়ী সমাধান সম্ভব হবে।’ তিনি আরও জানান, জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। এনসিপি সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আটক সমর্থকদের দেশে ফেরাতেও সহযোগিতা চেয়েছে দলটি।

এনসিপির নেতারা গুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে সুস্পষ্ট ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার সক্রিয় ভূমিকা কামনা করেছেন।

বৈঠকে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে মত দেয় এনসিপি। এ প্রসঙ্গে আরিফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হলে জাতীয় পার্টিরও কার্যক্রম স্থগিত হওয়া উচিত।’

 

পূর্বের খবরআলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: মির্জা ফখরুল
পরবর্তি খবরজাতীয় নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমান