প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম ও সাইয়েদ বিন আবদুল্লাহ

সচিব পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। যিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং শিক্ষক। বিভিন্ন আন্তর্জাতিক মানের পি আর রিভিউ জার্নালে তার ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- ড. মো. শাকিরুল ইসলাম খান অন্যান্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এই দায়িত্ব গ্রহণ করবেন। তার এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে।

উল্লেখ্য, ড. শাকিরুল ইসলাম খান একজন বিশিষ্ট গবেষক এবং শিক্ষাবিদ। তিনি এর আগে জাপানের ওইতা ইউনিভার্সিটি, এহিমে ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে তার দায়িত্ব হবে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি এবং পলিসি সম্পর্কিত কাজ। এছাড়া, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির তদারকিও করবেন।

এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে তিনি প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক এই দায়িত্ব পালন করবেন। তাকে সরকারের গ্রেড-২ পদমর্যাদায় এই নিয়োগ প্রদান করা হয়েছে।

পূর্বের খবরবজ্রপাতের মতো এসেছে হাম, প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি খবরআল জাজিরার প্রতিবেদন : ইরানের বৃহত্তম সেতু গুঁড়িয়ে দিলো মার্কিন বাহিনী, নিহত ৮