পেলের স্মৃতি ছুঁয়ে কলকাতায় ব্রাজিল, যুবভারতীতে অনুশীলনে নামবেন ভিনিসিয়াসরা

 

বিশেষ প্রতিবেদন

আদিত্য আচার্য রুদ্র

ভিনিউজ : ভারতের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছে ব্রাজিল ফুটবল দল। বৃহস্পতিবার রাতেই বিশেষ বিমানে কলকাতায় পা রাখেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র, এনদ্রিকসহ দলের অন্য সদস্যরা। দলের সঙ্গে রয়েছেন কোচ কার্লো আনচেলোত্তিও। আগামী শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় ব্রাজিল দল। দলের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিপুলসংখ্যক সমর্থক বিমানবন্দরে উপস্থিত থাকলেও তাদের ব্রাজিল দলের কাছাকাছি যেতে দেওয়া হয়নি। বিশেষ নিরাপত্তাব্যবস্থায় ভিআইপি গেট দিয়ে দ্রুত বিমানবন্দর ত্যাগ করে দলটি।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর হলুদ-সবুজ রঙের দুটি বাসে করে ব্রাজিলের খেলোয়াড়দের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। পুলিশের দুটি কনভয় বাস দুটিকে নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেয়। দলের কর্মকর্তারা আলাদা ছয়টি গাড়িতে হোটেলে যান। পুরো দলকে বিমানবন্দর থেকে বের করে আনতে সময় লাগে মাত্র ১১ মিনিট।

তবে হোটেলে ব্রাজিল দলকে স্বাগত জানানোর জন্য ছিল বিশেষ আয়োজন। সেখানে ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। হোটেল প্রাঙ্গণে বারবার ‘ভিনি, ভিনি’ ধ্বনি শোনা যায়। কোচ কার্লো আনচেলোত্তিকেও ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়।

কলকাতায় পৌঁছানোর পর শুক্রবারই প্রথমবার মাঠে নামবে ব্রাজিল। সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন আনচেলোত্তি। তাঁর সঙ্গে ব্রাজিল দলের একজন ফুটবলারও উপস্থিত থাকবেন। এরপর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল মাঠে অনুশীলন করবে ব্রাজিল দল। অনুশীলন শেষে সরাসরি হোটেলে ফিরে যাবে দলটি। ম্যাচের আগে আর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।

কলকাতায় পা রাখার আগেই ব্রাজিল ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতার সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্কের কথাও স্মরণ করেছে। বিশেষ করে তুলে ধরা হয়েছে ফুটবলের কিংবদন্তি পেলের ১৯৭৭ সালের কলকাতা সফরের কথা।

ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় পাঁচ দশক আগে ২৪ সেপ্টেম্বর ১৯৭৭ সালে ফুটবলের রাজা পেলে নিউইয়র্ক কসমসের জার্সি পরে কলকাতায় এসেছিলেন। তাঁর সেই সফর ঘিরে গোটা শহরে তৈরি হয়েছিল ব্যাপক উন্মাদনা। বিমানবন্দরে পেলেকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন বিপুলসংখ্যক মানুষ।

সেবার পেলের দল নিউইয়র্ক কসমসের প্রতিপক্ষ ছিল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ইডেন গার্ডেন্সে। কিংবদন্তি পেলেকে দেখার জন্য গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। পেলে সেই ম্যাচে প্রায় ৩০ মিনিট মাঠে ছিলেন। তাঁর সঙ্গে নিউইয়র্ক কসমাসের দলে ছিলেন ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিলের তারকা কার্লোস আলবের্তো তোরেসও।

প্রায় ৪৯ বছর পর আবারও ব্রাজিলের তারকা ফুটবলারদের উপস্থিতিতে কলকাতায় তৈরি হয়েছে ফুটবল উন্মাদনা। এবার পেলের উত্তরাধিকার বহন করে মাঠে নামবেন ভিনিসিয়াস জুনিয়র ও এনদ্রিকদের মতো নতুন প্রজন্মের তারকারা। তাঁদের সামনে থাকবে ভারতীয় ফুটবল দলের চ্যালেঞ্জ। ফলে শনিবারের প্রদর্শনী ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই কলকাতাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

পূর্বের খবরসংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
পরবর্তি খবররাশিফল : অক্টোবরে অর্থভাগ্যে কারা এগিয়ে, কারা থাকবেন চাপে? রাশি মিলিয়ে জেনে নিন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!