তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বাংলাদেশের সংবিধানে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।

রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তার নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ গত বছরের ২০ নভেম্বর এ বিষয়ে ঐতিহাসিক রায় ঘোষণা করেছিলেন।

এই বেঞ্চে অন্যান্য বিচারপতিরা ছিলেন— মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান এবং ফারাহ মাহবুব

রায়ে আপিল বিভাগ সর্বসম্মতভাবে আপিলগুলো মঞ্জুর করে এবং সংশ্লিষ্ট রিভিউ আবেদন নিষ্পত্তি করেন। আদালত পর্যবেক্ষণে বলেন, ২০১১ সালে আপিল বিভাগের দেওয়া রায়টিতে একাধিক ত্রুটি ছিল। ফলে ওই রায়টি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে।

এর ফলে ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হওয়া চতুর্থ ভাগের ‘২ক পরিচ্ছেদ—নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার’ সংক্রান্ত বিধানগুলো পুনরুজ্জীবিত ও কার্যকর করা হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

রায়ে বলা হয়, এই পুনরুজ্জীবনের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত বিধানগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হয়েছে। তবে সংবিধানের পুনরুজ্জীবিত অনুচ্ছেদ ৫৮খ(১) ও ৫৮গ(২)-এর বিধান অনুসারে এগুলো কার্যকর হবে। একই সঙ্গে আদালত উল্লেখ করেন, এই বিধানগুলো কেবল ভবিষ্যৎ সময়ের জন্য প্রযোজ্য হবে।

মামলাটির শুনানি শুরু হয় গত বছরের ২১ অক্টোবর। টানা প্রায় ১০ দিন বিভিন্ন পক্ষের আইনজীবীরা আদালতে তাদের যুক্তি উপস্থাপন করেন। রিটকারী বদিউল আলম মজুমদার–এর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। এছাড়া জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির

অন্যদিকে বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

শুনানির সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, আপিল বিভাগ কেবল সাময়িক সমাধান হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিতে চায় না। বরং নির্বাচনকালীন সরকারব্যবস্থার এমন একটি কার্যকর সমাধান চায়, যা দীর্ঘমেয়াদে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং বারবার সংকট সৃষ্টি করবে না।

সব পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ১১ নভেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ২০ নভেম্বর আপিল বিভাগ তাদের চূড়ান্ত রায় ঘোষণা করেন এবং এখন তার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো।

পূর্বের খবরইরানের দাবি—প্রতিরোধের মুখে পিছু হটেছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’
পরবর্তি খবরজ্বালানি তেলে রেশনিং প্রত্যাহার, চাহিদামতো তেল কিনতে পারবেন গ্রাহক