টালিউড : ‘বিনোদিনী’র মুকুটে নতুন পালক? এ বার এই বিষয়েও সবাইকে ছাপিয়ে গেলেন শুভশ্রী!

 

ভিনিউজ ডেস্ক : ধুলো ধরলেই যেন সোনা হচ্ছে টালিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের । তাঁকে দেওয়া ‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে নানা মুনির নানা মত। তিনি অবশ্য অনুরাগীদের দেওয়া এই ‘তকমা’ হাসিমুখে গ্রহণ করেছেন। তার মর্যাদাও যে রাখছেন, সে কথাই যেন স্পষ্ট হল বৃহস্পতিবার। খবর, এ বছর শুভশ্রী গঙ্গোপাধ্যায় ১৫টি সংস্থার ‘মুখ’!

একটা সময় গয়না, প্রসাধনী, সাবান, রন্ধনসামগ্রী, তেল ইত্যাদির মুখ হতেন বাংলার নায়িকারা। এক একজন নায়িকা একাধিক বিজ্ঞাপনের মুখ হতেন। কিন্তু একসঙ্গে ১৫টি সংস্থার মুখ কি তাঁদের কেউ হতে পেরেছিলেন? পশ্চিম বাংলার বিনোদন দুনিয়ার অন্দরের খবর, এ রকম কিছু ঘটে থাকলেও তা সংখ্যায় কম।

বিষয়টি নিয়ে শুভশ্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিজ্ঞাপনী ছবি মানেই বাণিজ্যবৃদ্ধি। অর্থনৈতিক দিক থেকে যেমন আমার লাভ, একই সঙ্গে বাংলা বিনোদন দুনিয়ারও লাভ। এতে আমার প্রচার যেমন বাড়ছে, তেমনই বাংলা বিনোদন দুনিয়ার অভিনেতা-অভিনেত্রীদের কথাও বেশি করে ভাবছে বিজ্ঞাপনী সংস্থাগুলি।” তাই সিরিজ় বা ছবিতে অভিনয়ের পাশাপাশি এই ধরনের কাজের প্রতিও মনোযোগী তিনি। টলিউড বলছে, সব মিলিয়ে শুভশ্রীর জন্য ২০২৫ সত্যিই শুভ।

বাকি নায়িকারা এ বছর কে, ক’টি বিজ্ঞাপনী সংস্থার মুখ? তথ্য অনুযায়ী, শুভশ্রীর পরে দ্বিতীয় স্থানে রুক্মিণী। গয়না, চুলের তেল-সহ তিনটি সংস্থার মুখ তিনি। তৃতীয় স্থানে মিমি চক্রবর্তী। তাঁর ঝুলিতে তিনটি বিজ্ঞাপনী সংস্থার কাজ ছিল। সম্প্রতি, একটি প্রসাধনী সংস্থা তাঁর হাতছাড়া হয়েছে। সেই জুতোয় পা গলিয়েছেন মধুমিতা সরকার। একটি করে বিজ্ঞাপনী মুখ হয়ে চতুর্থ স্থানে একসঙ্গে কোয়েল মল্লিক, মধুমিতা আর ঋতাভরী চক্রবর্তী। তালিকায় রয়েছেন নুসরত জাহান-সহ আরও অনেকেই। নায়িকাদের পাশাপাশি নায়কেরাও আছেন। আবীর চট্টোপাধ্যায়কে যেমন একটি ভোজ্য তেলের বিজ্ঞাপনে প্রায়ই দেখা যায়। সম্প্রতি, সেই বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন অঙ্কুশ হাজরা।

তবে এই মুহূর্তে সেরা বিজ্ঞাপনী মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে তিনি কথাপ্রসঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক জানিয়েছিলেন,তিনি একাই ৪৮টি বিজ্ঞাপনী সংস্থার মুখ!

 

পূর্বের খবরতাড়াহুড়ো করে দু’টি আইন পাস করাতে চাচ্ছে সরকার: মির্জা ফখরুল
পরবর্তি খবরপ্রস্তর যুগে চিবিয়ে ফেলে দিয়েছিল এক কিশোরী! ১০ হাজার বছর পরে সেই ‘চুইং গাম’ বলে দিল খাদকের চেহারা