ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চার সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তপন চন্দ্র মজুমদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন জয়ন্ত কুমার কুন্ডু। কমিটিতে ১ নম্বর সহসভাপতি নির্বাচিত হয়েছেন অমলেন্দু দাস অপু।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কিশোরী লাল রায় চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদার।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল,
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জন গোমেজ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝিসহ হল সংসদ ও হল ছাত্রদলের নেতারা।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাইদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের সঙ্গে জগন্নাথ হল গভীরভাবে সম্পৃক্ত। এখানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সম্প্রীতির সঙ্গে বসবাস করেন। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিভেদের রাজনীতির অবসান ঘটিয়ে সম্প্রীতির রাজনীতির ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ভিন্ন হলেও সবাই বাংলাদেশের নাগরিক। দেশের উন্নয়ন, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, বিএনপি কোনো ধরনের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সঠিক তথ্য তুলে ধরে ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য সমাজের বুদ্ধিজীবী, সাংবাদিক ও চিন্তাবিদদের প্রতি আহ্বান জানান তিনি।




