ভিনিউজ : চব্বিশের পরাজিত শক্তিকে কোনো ধরনের আশকারা বা প্রশ্রয় না দিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন এবং আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে। চব্বিশের গণআন্দোলনে যে পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করার কোনো অপচেষ্টাই সফল হতে দেওয়া যাবে না। গণতন্ত্রকামী মানুষের ওপর গুলি করা ফ্যাসিস্টদের কোনোভাবে রাজপথে আসতে দেওয়া হবে না।’
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ আহ্বান জানান। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বিরোধী দলগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিরোধী দলের কোনো কর্মসূচিতে সরকার কোথাও বাধা দেয়নি। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন লাগাচ্ছে কে? সিএনজি-ট্রেনে আগুন লাগাচ্ছে কে? এগুলো পরিকল্পিতভাবে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে রাজনৈতিক ফায়দা নেওয়ার অপচেষ্টা। এসব অপকর্মের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’




