এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থী পাচ্ছেন ল্যাপটপ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে দেড় হাজার জনকে ল্যাপটপ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে প্রাথমিকভাবে ১ হাজার ১০০ জনকে নির্বাচিত করা হবে। পাশাপাশি মেধাতালিকার ১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর নম্বর সমান হলে তাদের অন্তর্ভুক্তির জন্য আরও ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নেয়া এ উদ্যোগের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়ানো।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিম থেকে ল্যাপটপ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। সরকারি ক্রয়বিধি পিপিআর-২০২৫ অনুসরণ করে প্রয়োজনীয় ল্যাপটপ কেনা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে এসব ডিভাইস তুলে দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বোর্ডভিত্তিক নির্বাচিত হবেন ১০০ জন
কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের বাছাই করা হচ্ছে। প্রতিটি বোর্ডের জন্য ১০০টি করে ল্যাপটপ বরাদ্দের পরিকল্পনা রয়েছে। ফলে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাও এ সুবিধার আওতায় আসবেন।

তবে শুধু জিপিএ-৫ পেলেই ল্যাপটপ পাওয়ার নিশ্চয়তা নেই। একই ফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে কারা বেশি নম্বর পেয়েছে, সেটিই হবে নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয়। অর্থাৎ মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে তালিকা চূড়ান্ত করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত কাঠামো অনুসারে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বিভাগভিত্তিক শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগকে ৫০ শতাংশ, মানবিক বিভাগকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগকে ২০ শতাংশ গুরুত্ব দেয়া হয়েছে। অন্য আটটি সাধারণ শিক্ষা বোর্ডেও একই নীতিমালা অনুসরণ করা হয়েছে।

অন্যদিকে, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের নিজস্ব শিক্ষাক্রম ও বিভাগভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে তালিকা প্রস্তুত করা হয়েছে।

সমান নম্বর হলে কী হবে?
মেধাতালিকা তৈরির সময় ১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হওয়ার সম্ভাবনা বিবেচনায় রাখা হয়েছে। এ কারণে মূল বরাদ্দের বাইরে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই ব্যবস্থা কার্যকর হলে নির্ধারিত ১০০ জনের তালিকায় শেষ অবস্থানে থাকা শিক্ষার্থীদের সঙ্গে একই নম্বর পাওয়া অন্য শিক্ষার্থীরাও বিবেচনার সুযোগ পাবেন। সব মিলিয়ে প্রথম পর্যায়ে সর্বোচ্চ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেয়ার পরিকল্পনা রয়েছে।

বোর্ডগুলো ইতোমধ্যে তালিকা পাঠিয়েছে
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষা বোর্ড নিজস্ব ফলাফলের তথ্য যাচাই করে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করেছে। এসব তালিকা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী ১০০ জন করে শিক্ষার্থী বাছাই করা হয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলোর প্রস্তুত করা তালিকা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ জানান, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের চিহ্নিত করে তালিকা পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে দুই ধারার পরীক্ষার্থীর সংখ্যার পার্থক্য বিবেচনায় নিয়ে আনুপাতিকভাবে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ জানান, দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ অর্জনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের নিয়ে তালিকা তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ শাখার বিন্যাস বিবেচনায় রেখে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

কত টাকা ব্যয় হবে, কবে মিলবে ল্যাপটপ?
প্রাথমিক পর্যায়ে দেড় হাজার ল্যাপটপ কেনা ও বিতরণে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হতে পারে। অর্থ মন্ত্রণালয় থেকেও এ উদ্যোগ বাস্তবায়নে সম্মতি পাওয়া গেছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

ল্যাপটপ কেনার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত কনফিগারেশন নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে। বিতরণ কার্যক্রমে আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি দেশের ১১টি শিক্ষা বোর্ডকে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, শুরুতে জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেয়ার পরিকল্পনা বিবেচনায় ছিল। তবে একসঙ্গে এত বড় পরিসরে কার্যক্রম পরিচালনা না করে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীকে এই সুবিধা দেয়া হবে। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আপাতত ১১টি শিক্ষা বোর্ডের শীর্ষ মেধাবীদের দিয়ে কার্যক্রম শুরু হচ্ছে। ভবিষ্যতে কর্মসূচির পরিসর বাড়ানোর পাশাপাশি উচ্চমাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্যও একই ধরনের প্রণোদনা চালুর পরিকল্পনা রয়েছে।

স্কিম পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলমের মতে, এ উদ্যোগের লক্ষ্য কেবল ভালো ফলাফলের স্বীকৃতি দেয়া নয়, শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করাও। এ জন্য বোর্ডগুলোর নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে চূড়ান্ত তালিকা প্রস্তুতের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

সরকারের প্রত্যাশা, এ ধরনের প্রণোদনা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করবে এবং উচ্চশিক্ষার প্রস্তুতিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের দক্ষতা বিকাশে সহায়তা করবে।

পূর্বের খবরজনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!